ভাইফোঁটা, শিবরাত্রি, পয়লা বৈশাখে ছুটি বন্ধের ইঙ্গিত? বড় পদক্ষেপের পথে শুভেন্দু সরকার - 24 Ghanta Bangla News
Home

ভাইফোঁটা, শিবরাত্রি, পয়লা বৈশাখে ছুটি বন্ধের ইঙ্গিত? বড় পদক্ষেপের পথে শুভেন্দু সরকার

Spread the love


কলকাতা: রাজ্যের সরকারি দফতরে বছরে কত দিন কাজ হবে, তা নিয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু করেছে শুভেন্দু অধিকারীর সরকার। প্রশাসনিক কাজের গতি বাড়ানো এবং দীর্ঘদিনের…

কলকাতা: রাজ্যের সরকারি দফতরে বছরে কত দিন কাজ হবে, তা নিয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু করেছে শুভেন্দু অধিকারীর সরকার। প্রশাসনিক কাজের গতি বাড়ানো এবং দীর্ঘদিনের বকেয়া ফাইল নিষ্পত্তির লক্ষ্যে ছুটির সংখ্যা কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর ইচ্ছা, বর্তমানে প্রায় ৫০ দিনের ছুটির ব্যবস্থা বদলে বার্ষিক ছুটির সংখ্যা ৪০-এ নামিয়ে আনা। সেই লক্ষ্যে অর্থ দফতরকে নতুন ক্যালেন্ডার তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে।

ছুটির সংখ্যা কমানোর প্রস্তাব নিয়ে ইতিমধ্যেই অর্থসচিবের সঙ্গে কথা বলেছেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, প্রথমে ৪৫ দিনের একটি খসড়া তালিকা তৈরি করা হয়েছিল। কিন্তু সেই সংখ্যাও তাঁর কাছে বেশি বলে মনে হয়েছে। তাই আরও পাঁচ দিন কমানোর নির্দেশ দিয়েছেন তিনি। অর্থাৎ, নতুন ব্যবস্থা চালু হলে সরকারি কর্মীদের বর্তমান ছুটির হিসাব অনেকটাই বদলে যেতে পারে।

উৎসবের ছুটিতে কি এবার পড়বে কোপ?

নতুন তালিকায় কোন কোন দিন জায়গা পাবে, তা এখনও স্পষ্ট নয়। তবে আগের সরকারের আমলে বিভিন্ন সম্প্রদায়, সামাজিক অনুষ্ঠান এবং মনীষীদের স্মরণে যে ছুটিগুলি যুক্ত হয়েছিল, সেগুলি নিয়ে পর্যালোচনার সম্ভাবনা রয়েছে।

এই তালিকায় রয়েছে শিবরাত্রি, শবেবরাত, করম পুজো, ছটপুজো, ভাইফোঁটা এবং পয়লা বৈশাখ। পাশাপাশি ঠাকুর পঞ্চানন বর্মা, হরিচাঁদ ঠাকুর ও বিরসা মুন্ডার জন্মদিনেও ছুটি চালু হয়েছিল। জামাইষষ্ঠীতে অর্ধদিবস ছুটির ব্যবস্থাও রয়েছে। নতুন ক্যালেন্ডারে এই দিনগুলির কতগুলি বহাল থাকে, তা নিয়ে সরকারি কর্মীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

বিশেষ করে কয়েকটি উৎসবের ছুটির ধরন গত কয়েক বছরে বদলেছে। আগে ছটপুজোয় নির্দিষ্ট কিছু কর্মীর জন্য বিশেষ ছুটির ব্যবস্থা থাকলেও পরে তা সর্বজনীন করা হয়। ভাইফোঁটা ও পয়লা বৈশাখও সরকারি ছুটির তালিকায় যুক্ত হয়। জামাইষষ্ঠীতেও অর্ধদিবস ছুটি চালু করা হয়।

কাজের গতি বাড়ানোই লক্ষ্য, দাবি মুখ্যমন্ত্রীর

ছুটির সংখ্যা কমানোর সিদ্ধান্তের পিছনে প্রশাসনিক দক্ষতা বাড়ানোর যুক্তি দিয়েছেন শুভেন্দু। তাঁর মতে, রাজ্যের বিভিন্ন দফতরে বহু গুরুত্বপূর্ণ কাজ জমে রয়েছে। সেগুলি শেষ করতে হলে সরকারি কর্মব্যবস্থায় আরও বেশি কর্মদিবস প্রয়োজন।

রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়েও নিজের সরকারের সাফল্যের কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, আগের সরকারের গোটা অর্থবর্ষের রাজস্ব আদায়ের পরিমাণকে বর্তমান সরকার প্রথম ছয় মাসেই ৪ হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। এই অতিরিক্ত রাজস্ব সংগ্রহের জন্য নতুন কোনও করও চাপানো হয়নি বলে দাবি তাঁর।

দুর্গাপুজোর দীর্ঘ ছুটিতেও কি বদল আসবে?

রাজ্য সরকারি কর্মীদের দুর্গাপুজোর ছুটির পরিধি গত কয়েক বছরে উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। এক সময় ষষ্ঠী থেকে ছুটি শুরু হয়ে লক্ষ্মীপুজোর পর অফিস খোলার রীতি ছিল। পরে সেই অবকাশ আরও দীর্ঘ হয়। কোনও কোনও বছরে চতুর্থী থেকেই সরকারি দফতর বন্ধ হয়ে ভাইফোঁটার পর খোলার ব্যবস্থা হয়েছে।

চলতি বছরও ভাইফোঁটার পর ১৩ নভেম্বর সরকারি অফিস, স্কুল ও কলেজ খোলার কথা। এবার নতুন ছুটির ক্যালেন্ডার তৈরি হলে পুজোর ছুটির সময়সীমাতেও কোনও পরিবর্তন আসে কি না, তা দেখার। তবে কোন কোন দিন বাদ যাবে, সে বিষয়ে এখনও সরকারি ঘোষণা হয়নি। অর্থ দফতরের নতুন তালিকা প্রকাশের পরেই বিষয়টি পরিষ্কার হবে।

প্রকাশিত WBCS ২০২৪ প্রিলিমিনারির ফল, মেইনে উত্তীর্ণ ৩,৮৪২ জন

নাশকতার ছক? কালীপুজোর আগে STF-এর অভিযানে উদ্ধার বিপুল বিস্ফোরক ও অস্ত্র ভাণ্ডার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *