অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’য় বোমাতঙ্ক! নিশানায় বম্বে হাইকোর্ট ও স্টক এক্সচেঞ্জও

মুম্বই: বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের বাড়ি-সহ মুম্বইয়ের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলার হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়াল। হুমকির তালিকায় রয়েছে অভিনেতার বাংলো ‘জলসা’, বম্বে হাইকোর্ট, বম্বে…
মুম্বই: বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের বাড়ি-সহ মুম্বইয়ের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলার হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়াল। হুমকির তালিকায় রয়েছে অভিনেতার বাংলো ‘জলসা’, বম্বে হাইকোর্ট, বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) এবং ওরলি রেসকোর্স। একটি হুমকি ইমেল পাওয়ার পর শহরজুড়ে সতর্কতা জারি করেছে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলি।
সূত্রের খবর, বম্বে হাইকোর্টে পাঠানো ওই ইমেলে চারটি জায়গায় বোমা হামলার হুঁশিয়ারি দেওয়া হয়। ইমেলটির প্রেরক কে, তা জানতে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। হুমকির সত্যতা যাচাইয়ের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাগুলির নিরাপত্তাও খতিয়ে দেখা হচ্ছে।
অমিতাভ বচ্চনকে ঘিরে এই নিয়ে দ্বিতীয়বার হুমকির ঘটনা সামনে এল। গত ২২ অক্টোবর মুম্বইয়ের একটি স্কুলে পাঠানো হুমকি ইমেলেও তাঁর নাম উল্লেখ করা হয়েছিল। যদিও সে বার প্রশাসন জানিয়েছিল, অভিনেতাকে সরাসরি কোনও হুমকি দেওয়া হয়নি।
এর পর থেকেই অমিতাভের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। প্রতি রবিবার মুম্বইয়ের বাড়ির বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা করার দীর্ঘদিনের অভ্যাস রয়েছে তাঁর। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে সেই পরিচিত ছবিতে বদল এসেছে। গত রবিবার অনুরাগীদের সামনে এলেও তাঁকে দেখা যায় সুরক্ষিত কাচের আড়ালে। পাশে ছিলেন ছেলে অভিষেক বচ্চন। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।
মুম্বইয়ে তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ অবশ্য শুধু অমিতাভকে ঘিরে নয়। গত ১৮ অক্টোবর অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। ওই হামলার দায় লরেন্স বিষ্ণোই গ্যাং নিয়েছিল বলে দাবি করা হয়।
এ সপ্তাহে অভিনেতা তুষার কপূর এবং আয়ুষ্মান খুরানাকেও বিষ্ণোই গ্যাংয়ের নাম করে হুমকি দেওয়া হয়। ওই ঘটনায় বুধবার বেঙ্গালুরুর এক ৩০ বছর বয়সি তথ্যপ্রযুক্তি কর্মীকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। প্রাথমিক তদন্তে ধৃতের সঙ্গে বিষ্ণোই গ্যাংয়ের কোনও যোগসূত্র পাওয়া যায়নি। হুমকিগুলির সত্যতা যাচাই চলছে।
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম করে ৫ কোটি টাকা দাবি! হুমকি ফোন পেলেন তুষার কাপুর
ইমরান খানকে দেশ ছাড়ার নোটিশ: বম্বে হাইকোর্টে শুনানি মুলতুবি, ২ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ