West Bengal Latest Weather Update: সকালে শিরশিরানি ভাব, কালীপুজোর আগেই কি শীত এন্ট্রি নিয়ে নিল? | West Bengal Latest Weather Update: Chilly Weather, Temperature Drops, Has Winter Entered West Bengal? Know Latest Update
কলকাতা: ঘূর্ণিঝড় মুরাসু-র রেশ কাটিয়ে এবার হেমন্তের ছোঁয়া বাংলায়। সকাল থেকেই কিন্তু বেশ একটা ঠান্ডা ঠান্ডা আমেজ। রাতে ফ্যান বা এসি চালালেও, গায়ে চাদরও দিতে হচ্ছে। দেরিতে হলেও কমছে সর্বনিম্ন তাপমাত্রা। কালীপুজো থেকেই কি তবে শীত পড়ে যাবে? কী বলছে আবহাওয়া অফিস…
আপাতত বৃষ্টি নেই বাংলায়। কালীপুজো পর্যন্ত থাকবে হালকা ঠান্ডা ঠান্ডা ভাব। এমনটাই পূর্বাভাস আবহাওয়া অফিসের। নভেম্বরের শুরু থেকেই যে শীত শীত আমেজটা রয়েছে, তা আপাতত থাকবে। তবে কালীপুজোর পর দিনই বদলে যাবে আবহাওয়া।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পুবালি বাতাস ও পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে ফের বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা।
সোমবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার মূলত উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতাতেও আগামী সোম ও মঙ্গলবার হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই তেমন। উত্তরবঙ্গেও কমবে তাপমাত্রা। শনিবারের মধ্যে উত্তরবঙ্গের তাপমাত্রাও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সোমবার হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের নীচের দিকের জেলা অর্থাৎ মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে।