২০২৯ পর্যন্ত টিকবেন ‘ডন’? ভোট-বিপর্যয়ে ট্রাম্পকেই দায়ী করলেন ভাইস প্রেসিডেন্ট, তুমুল অন্তর্কলহ দলে
ভ্যান্সও পরে এক্স হ্যান্ডলের পোস্টে ভরাডুবির কারণ হিসেবে ইরান যুদ্ধ, জীবনযাত্রার খরচবৃদ্ধি, ‘আমেরিকা ফার্স্ট’ নীতি থেকে সরে আসা এবং আমেরিকা-ইজ়রায়েলের সম্পর্কের উল্লেখ করেছেন। নিজে ট্রাম্প প্রশাসনের অংশ হয়েও ইরানে সামরিক অভিযানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই সিদ্ধান্ত যে দেশে নেতিবাচক প্রভাব ফেলেছে, তা-ও স্বীকার করেছেন ভান্স। আমেরিকার রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, ভ্যান্স আদতে ২০২৮ সালে নিজেকে সম্ভাব্য প্রেসিডেন্ট পদের জন্য তুলে ধরতে চাইছেন। সেই কারণে নিজের রাজনৈতিক জমি প্রস্তুত করতেই ট্রাম্পের থেকে দূরত্ব রচনার চেষ্টা করছেন ভাইস প্রেসিডেন্ট। তাই প্রকারান্তরে সরাসরি প্রেসিডেন্টের সিদ্ধান্তকেই দায়ী করেছেন তিনি।
ভ্যান্সের মন্তব্যের প্রেক্ষিতে ট্রাম্প বলেন, ‘আচ্ছা, এই বিষয়। আমি জানি, উনি কেমন অনুভব করছেন। আমার মনে হয়, এটা ঠিক ছিল। আমি ভেবেছিলাম এটা ভালো। আমরা তা জানতাম।’ ভ্যান্স কি ২০২৮ সালে প্রেসিডেন্ট পদের জন্য লড়বেন? এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হয়তো উনি প্রেসিডেন্ট পদে লড়বেন না। আমি জানি না কে লড়বেন। কিন্তু যদি যুদ্ধের প্রশ্ন হয়, আমার মনে হয়, আমি এখনও একই সিদ্ধান্তই নিতাম।’