ওডিশার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, দীপাবলির আগে ঝলমলে মোহনবাগান - 24 Ghanta Bangla News
Home

ওডিশার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, দীপাবলির আগে ঝলমলে মোহনবাগান

Spread the love


সায়ন সেনগুপ্ত, কলকাতা: বহদিন পর ফের পুরনো ছন্দে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। এবারের আইএসএল শুরুটা আশানুরূপ না হলেও ধীরে ধীরে ফর্মে ফিরেছিল পানাগিওটি ডিলমপেরিসের…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: বহদিন পর ফের পুরনো ছন্দে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। এবারের আইএসএল শুরুটা আশানুরূপ না হলেও ধীরে ধীরে ফর্মে ফিরেছিল পানাগিওটি ডিলমপেরিসের ছেলেরা। তবে ফুটবলারদের পারফরম‌্যান্স কিছুতেই যেন সন্তুষ্ট করতে পারছিল না সমর্থকদের। তবে আজ ম্যাচ জুড়ে মেরিনার্সদের জয়ের খিদে হয়তো মন জয় করেছে সবুজ-মেরুন অনুরাগীদের। আজ সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে পরবর্তী হোম ম্যাচে নেমেছিল মোহনবাগান। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল জগন্নাথের রাজ্যের ফুটবল ক্লাব ওডিশা এফসি।

শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় সুনিশ্চিত করে বাগান ব্রিগেড। এদিন জোড়া গোল পান দেজান ড্রাজিচ। এছাড়াও একটিমাত্র গোল করে যান লি হ্যারি আরউইন। অন্যদিকে, ওডিশা এফসির হয়ে গোল পান যথাক্রমে মাহমুদ খায়ের মোহাম্মদ দাহাদা। ফুটবল মহলে মাহমুদ ঈদ নামেই বিশেষ পরিচিত সুইডেনের এই ফুটবলার। এছাড়াও আর একটি গোল করে যান এভারটন নাসিমেন্তো। তবে হাড্ডাহাড্ডি লড়াই করলেও শেষ পর্যন্ত খালি হাতেই শহরে ফিরতে হবে থেক্কাথারা পুরুষোত্তমের ছেলেদের। ফর্মে থাকা মোহনবাগান যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা ভালোমতোই জানা সকলের। আবার যদি সেটা হয় যুবভারতী ক্রীড়াঙ্গন তাহলে তো কথাই নেই।

প্রথমার্ধে গোলের দেখা পাইনি কোনও শিবির। গোলের পরিস্থিতি তৈরি হলেও সেগুলি কার্যকরী করতে পারেননি ফুটবলাররা। অমীমাংসিত হিসেবে প্রথম ৪৫ মিনিট অতিবাহিত হলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকেই জয়ের খিদে যথেষ্ট আক্রমণাত্মক করে তোলে সবুজ-মেরুনকে। যারফলে মাত্র ২ মিনিটের মাথায় চলে আসে প্রথম গোল। গোলদাতা দেজান ড্রাজিচ। কিন্তু সেই ব্যবধান বেশিক্ষণ স্থায়ী ছিল না। পাঁচ মিনিটের ব্যবধানে গোল শোধ করে দলকে সমতায় ফিরিয়ে এনেছিলেন মাহমুদ ঈদ। সেই গোল হজম করার পর থেকে ফের আক্রমণে ঝড় তোলে মোহনবাগান। এবার ৭৪ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে যান দেজান।

কিছুক্ষণের মধ্যে ফের গোল শোধ। এবার সুযোগ বুঝেই বল জালে জড়িয়ে যান এভারটন। তবে খেলা তখনও বাকি। ৮৭ মিনিটের মাথায় নিজের জাত চিনিয়ে যান লি আরউইন। তারপর বেশ কয়েকবার আক্রমণ করলেও গোলের মুখ আর খুলতে পারেনি ওডিশা।

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *