উৎসবের মরশুমে মধ্যবিত্তের পকেটে চাপ! ঘি-মাখনের দাম বাড়াল আমুল

নয়াদিল্লি: উৎসবের মরশুমে ফের মূল্যবৃদ্ধির ধাক্কা। এ বার ঘি ও মাখনের দাম বাড়াল আমুল। ১ কেজি ঘিয়ের প্যাকেটে এক ধাক্কায় ৫০ টাকা দাম বাড়ানো হয়েছে।…
নয়াদিল্লি: উৎসবের মরশুমে ফের মূল্যবৃদ্ধির ধাক্কা। এ বার ঘি ও মাখনের দাম বাড়াল আমুল। ১ কেজি ঘিয়ের প্যাকেটে এক ধাক্কায় ৫০ টাকা দাম বাড়ানো হয়েছে। ফলে নতুন দাম দাঁড়িয়েছে ৬৮০ টাকা। অন্যদিকে, ৫০০ গ্রাম মাখনের প্যাকেটের দাম ১৫ টাকা বেড়ে হয়েছে ৩২৫ টাকা।
বুধবার থেকেই কার্যকর হয়েছে নতুন দাম। শুধু সাধারণ ঘি নয়, আমুল কাউ ঘিয়ের দামও বাড়ানো হয়েছে। ৫০০ মিলিলিটারের পাউচের দাম ৩৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ৩৭০ টাকা। ১ লিটারের পাউচের দাম ৬৯৫ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭৩৫ টাকা। ১০০ গ্রাম মাখনের প্যাকেটেও ৩ টাকা দাম বাড়ানো হয়েছে। আগে দাম ছিল ৬৩ টাকা, এখন তা বেড়ে হয়েছে ৬৬ টাকা।
আমুলের তরফে জানানো হয়েছে, দুধ উৎপাদনের খরচ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত। পাশাপাশি, বাজারে চাহিদা বৃদ্ধি এবং কয়েকটি এলাকায় গরুর দুধের ঘিয়ের জোগানে ঘাটতিও মূল্যবৃদ্ধির অন্যতম কারণ।
প্রসঙ্গত, বাংলার বিধানসভা নির্বাচনের পরেই দুধের দাম বাড়িয়েছিল আমুল। লিটারপিছু ২ টাকা দাম বৃদ্ধি করা হয়। সংস্থার দাবি ছিল, গবাদি পশুর খাদ্য, প্যাকেজিং এবং জ্বালানির খরচ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে। পাশাপাশি, দুধ সংগ্রহের জন্য কৃষকদের দেওয়া দামও ২০২৫ সালের মে মাস থেকে ৩.৭ শতাংশ বাড়ানো হয়েছে বলে জানিয়েছিল সংস্থাটি।
ফলে দুধের পর এ বার ঘি ও মাখনের দাম বৃদ্ধিতে সংসারের মাসিক খরচ আরও বাড়ার আশঙ্কা মধ্যবিত্তের।
সমাজবাদী পার্টির দাঙ্গা ঠান্ডা করেছি! নির্বাচনের আগেই উত্তাপ বাড়ালেন যোগী
মোদীর গদি কাড়ার এজেন্ডা! এদিকে আপ কে নিয়ে অন্তর্দ্বন্দ ইন্ডিতেই