আর্থিক বাজারের সংস্কারে বিশেষ কমিটি গড়ল রিজ়ার্ভ ব্যাঙ্ক
শীর্ষ ব্যাঙ্কের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, দেশের অর্থবাজার, সরকারি ঋণপত্র এবং বৈদেশিক মুদ্রার বাজারের পাশাপাশি সংশ্লিষ্ট ডেরিভেটিভস বাজার এবং তার পরিকাঠামো সংক্রান্ত নীতি এপং পরিচালনাগত বিষয় নিয়ে আলোচনা করার জন্য একটি সুসংহত মঞ্চ হিসেবে কাজ করবে এই কমিটি। বাজারের সঙ্গে যুক্ত বিভিন্ন পক্ষ, বিশেষজ্ঞ এবং অংশীদারদের সঙ্গে শীর্ষ ব্যাঙ্কের নিয়মিত যোগাযোগ আরও বাড়ানো এবং কার্যকর করাই এর অন্যতম উদ্দেশ্য। এত দিন পর্যন্ত আরবিআই বিভিন্ন সময়ে বাজারের সঙ্গে যুক্ত সংস্থা ও ব্যক্তিদের সঙ্গে আলোচনা করত। বাজারের অংশগ্রহণকারীদের মতে, নতুন কমিটি গঠনের ফলে সেই আলোচনা এ বার একটি নির্দিষ্ট প্রাতিষ্ঠানিক কাঠামো পেল। ফলে বাজারের সমস্যা, সম্ভাবনা এবং নীতিগত পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে আরও ধারাবাহিক ভাবে মত বিনিময়ের সুযোগ তৈরি হবে। ব্যাঙ্কিং, আর্থিক বাজার, শিক্ষাজগৎ এবং বাজার পরিকাঠামোর সঙ্গে যুক্ত একাধিক বিশিষ্ট ব্যক্তিকে এই কমিটির বহিরাগত সদস্য হিসেবে রাখা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন সিকিওরিটিজ় অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার (সেবি) প্রাক্তন হোল টাইম মেম্বার এবং আইআইটি বম্বের অধ্যাপক অনন্ত নারায়ণ। রয়েছেন ফিক্সড ইনকাম মানি মার্কেট অ্যান্ড ডেরিভেটিভস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান তথা স্টেট ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সামশের সিং।