Tanvi Patri: যুব অলিম্পিকে ইতিহাস, ফাইনাল খেলা প্রথম ভারতীয় হিসেবে নজির তানভির | Odisha’s Tanvi Patri Scripts History in Youth Olympics Badminton, One Win Away From Gold
কলকাতা: যুব অলিম্পিকের ব্যাডমিন্টনে ইতিহাস গড়লেন ভারতের তানভি পাত্রী। বুধবার মেয়েদের সিঙ্গলসের সেমিফাইনালে জাপানের ইউজুনো ওয়াতানেবেকে হারিয়ে ফাইনালে পৌঁছলেন ১৫ বছরের এই ভারতীয় শাটলার। তিন গেমের লড়াইয়ে ২১-১৪, ১১-২১, ২১-১৯ ব্যবধানে জিতেছেন তিনি। এর ফলে যুব অলিম্পিকের ব্যাডমিন্টনে ফাইনালে ওঠা প্রথম ভারতীয় মহিলা খেলোয়াড় হলেন ওড়িশার এই প্রতিভাবান শাটলার।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন তানভি। প্রথম গেমে জাপানের প্রতিপক্ষকে বিশেষ সুযোগ দেননি তিনি। নিজের দুরন্ত স্ম্যাশ ও ক্রস কোর্ট শটের সাহায্যে ওয়াতানাবেকে চাপে রাখেন। মাঝপথে ৫ পয়েন্টের ব্যবধানও তৈরি করে ফেলেন ভারতীয় শাটলার। শেষ পর্যন্ত ২১-১৪ ব্যবধানে প্রথম গেম জিতে নেন তানভি। তবে দ্বিতীয় গেমে ঘুরে দাঁড়ান ওয়াতানাবে। শেষ পর্যন্ত ২১-১১ ব্যবধানে দ্বিতীয় গেম জেতেন ওয়াতানাবে। তৃতীয় গেমে ২১-১৯ ব্যবধানে জেতেন তানভি। উল্লেখ্য, এর আগে ২০২৪ সালে থাইল্যান্ডের পাথুম থানিতে জুনিয়র আন্তর্জাতিক প্রতিযোগিতায় ওয়াতানাবে কাছে ২১-১৪, ২১-১০ ব্যবধানে হেরেছিলেন তিনি। এবার সেই হারের বদলা নিলেন তিনি।
অতীতেও আন্তর্জাতিক মঞ্চে সাফল্য পেয়েছিলেন তানভি। চিনের চেংদুতে অনুর্ধ্ব ১৭ ও অনুর্ধ্ব ১৫-তে মেয়েদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। দুই বিভাগেই এশীয় চ্যাম্পিয়ন হওয়ার নজিরও রয়েছে তাঁর। যুব অলিম্পিকে তানভির এই সাফল্য ভারতীয় ব্যাডমিন্টনের ইতিহাসেও বিশেষ জায়গা করে নিল। এর আগে এই প্রতিযোগিতায় সেমিফাইনালে পৌঁছেছিলেন এইচএস প্রণয়, লক্ষ্য সেন ও আদিত্য যোশী। ২০১০ সালে প্রথম যুব অলিম্পিকে রুপো জিতেছিলেন প্রণয়। ২০১৮ সালে বুয়েন্স আইরেসে রুপো পান লক্ষ্য। তাদের মধ্যেই এবার যুব অলিম্পিকের ফাইনালে সোনার পদক জয়ের হাতছানি তানভির সামনে।