KIFF Logo: বাম ও বিজেপির সরকারে সন্দীপ রায়, তৃণমূল সরকারের আমলে ফিল্ম ফেস্টিভ্যালের লোগো এঁকেছিলেন কে জানেন? | Kiff logo history sandip ray tmmc bjp left governments
আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই কলকাতার বুকে শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)। তবে শুধু সিনেমার আড্ডা বা তারকাদের সমাগমই নয়, এবারে উৎসবের প্রাক্কালে সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এর লোগো বদল। সম্প্রতি আগামী ডিসেম্বর ফেস্টিভ্য়ালে আয়োজকদের পক্ষ থেকে প্রকাশ্যে এল উৎসবের একেবারে নতুন লোগো, যার ডিজাইন করেছেন কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের পুত্র তথা পরিচালক সন্দীপ রায়। এর আগে কলকাতা চলচ্চিত্র উৎসবের লোগো আরও দু’বার বদলে ছিল। একবার ১৯৯৫ সাল যখন রাজ্যে বামসরকার ছিল, আরেকবার ২০১৫ সালে যখন তৃণমূলের সরকার। আর এবার বিজেপি সরকারের শাসনে তৃতীয়বার লোগো বদল। সরকার বদলেছে লোগো বদলেছে, দুবারই লোগোর শ্রষ্ঠা সন্দীপ রায়। শুধু দ্বিতীয়বার অর্থাৎ ২০১৫ সালের ফিল্ম ফেস্টিভ্যালেই চমক দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাম থেকে তৃণমূল হয়ে বিজেপি আমল, সিনে উৎসবের লোগো
১৯৯৫ সালে যখন এই উৎসবের পথচলা শুরু হয়েছিল, তখন এর নাম ছিল ‘ক্যালকাটা ফিল্ম ফেস্টিভ্যাল’ (CFF)। সেই সময় তৎকালীন বাম সরকারের সাংস্কৃতিক মনস্তত্ত্ব এবং অভিজাত বুদ্ধিজীবী সমাজের ছাপ স্পষ্ট ছিল এই আয়োজনে। সেদিনের সেই প্রথম লোগোটি ডিজাইন করেছিলেন সত্যজিৎ-পুত্র সন্দীপ রায় স্বয়ং। ফিল্ম স্ট্রিপ বা স্প্রোকেট আকৃতির অক্ষরের সেই মেলবন্ধনে সিনেমার মূল সত্ত্বাটি নিখুঁতভাবে ফুটে উঠেছিল। পরবর্তীতে শহরের নাম ক্যালকাটা থেকে কলকাতা হওয়ার সুবাদে উৎসবের নামেও পরিবর্তন আসে, নাম হয় ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ (KIFF)।
টাইমস অফ ইন্ডিয়ার সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, পরবর্তীতে ২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ২০১৫ সালে লোগোতে বড় পরিবর্তন আনে তৃণমূল সরকার। সর্বসাধারণের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে একটি নতুন লোগো নির্বাচন করা হয়, যেখানে সাদা ব্যাকগ্রাউন্ডে কালো ও নীল রঙের মিশ্রণে ‘K’ অক্ষরের ওপর সিনেমার ক্যামেরা এবং ‘F’ অক্ষরের ওপর ভিক্টোরিয়া মেমোরিয়ারের পরীর অবয়ব ফুটিয়ে তোলা হয়েছিল। গত প্রায় এক দশক ধরে এই নীল-কালো লোগোটিই ছিল KIFF-এর পরিচিত মুখ।
২০২৬ সালে এসে ফের লোগো পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। অতীতে বাম আমলে কাজ করা সন্দীপ রায়কেই এবার বর্তমান প্রশাসনের তরফে নতুন লোগো তৈরির দায়িত্ব দেওয়া হয়। রাজনৈতিক মহলের মতে, নতুন এই লোগোয় নীল রঙের পরিবর্তে এবার প্রাধান্য পেয়েছে কালো, গেরুয়া রঙের ছোঁয়া।
নতুন লোগো নিয়ে কী বলছেন সন্দীপ রায়?
নতুন লোগো ডিজাইন প্রসঙ্গে পরিচালক সন্দীপ রায় সংবাদ মাধ্যমকে জানান, “আগের লোগোটাও ভালো ছিল, আমার খুব পছন্দের ছিল। কিন্তু মুশকিল হচ্ছিল যে ওটা তো প্রথমে ক্যালকাটা ফিল্ম ফেস্টিভ্যাল ছিল। তারপর সেটা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল হল। কাজেই সি-কে ইত্যাদি মিলে লোগোর মধ্যে একটা কনফিউশন হচ্ছিল।” তিনি আরও বলেন, “তখন ওরাই বলল, একটা নতুন লোগো করে দিন। আমি ভাবলাম নতুন একটা লোগো করা যাক। তবে এখন ‘ফিল্ম’ বলাটা ভুল হবে, যেহেতু এখন সবই ডিজিটাল। তাই আধুনিক সময়ের কথা মাথায় রেখেই লোগোটা তৈরি করা হয়েছে। গেরুয়া, লাল রং মূলত সবাইকে আকৃষ্ট করে, তাই সবার নজরে পড়ার জন্যই এই রঙের ব্যবহার।”
রাজনীতি আর সংস্কৃতির দোলাচলে লোগো বদলের এই ইতিহাস নতুন নয়। তবে সমস্ত বিতর্ককে পেছনে ফেলে সত্যজিৎ-পুত্রের ছোঁয়ায় তৈরি নতুন মোড়কের এই লোগো যে আসন্ন চলচ্চিত্র উৎসবকে এক অন্য মাত্রা দেবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।