Delhi School Death: হাঁটতে-হাঁটতে ক্লাসেই জ্ঞান হারাল, হার্ট অ্যাটাকে মৃত্যু ক্লাস থ্রির ছাত্রীর | One Class three student died heart attack in delhi
নয়াদিল্লি: স্কুলে তখন সবে মাত্র ক্লাস শুরু হয়েছে। তার কিছুক্ষণ আগেই খেলাধুলার শেষ করে ক্লাসে ফিরেছিল তৃতীয় শ্রেণির এক ছাত্রী। বাইরে থেকে দেখে অসুস্থতার কোনও লক্ষণও বোঝা যায়নি। কিন্তু ক্লাসে ঢোকার কয়েক মুহূর্তের মধ্যেই আচমকা মেঝেতে লুটিয়ে পড়ে সে। শিক্ষক ও সহপাঠীদের চোখের সামনেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। পরে ওই ছাত্রীর মৃত্যু হয়। বুধবার দিল্লির পূর্ব ময়ূর বিহারের একটি স্কুলের এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। এই সংক্রান্ত স্কুলের একটি সিসিটিভি (CCTV) ফুটেজও সামনে এসেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বুধবার সকাল প্রায় ৯টা ৫১ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে। খেলাধুলার পর ক্লাসে ফিরে স্বাভাবিকভাবেই নিজের জায়গায় যাচ্ছিল ওই ছাত্রী। কিন্তু কিছুক্ষণের মধ্যেই কোমরের কাছে হাত দিয়ে হঠাৎ মাটিতে পড়ে যায় সে। বিষয়টি নজরে আসতেই ছুটে আসেন শিক্ষিকা। ছাত্রীকে তুলে চেয়ারে বসানোর চেষ্টা করেন তিনি। কিন্তু ততক্ষণে সম্পূর্ণ সংজ্ঞাহীন হয়ে পড়েছে শিশুটি। শিক্ষিকা তাকে ডাকাডাকি করলেও কোনও সাড়া মেলেনি।
এরপর দ্রুত বাইরে বেরিয়ে যান শিক্ষিকা। কয়েক সেকেন্ডের মধ্যেই ফিরে এসে ছাত্রীকে কোলে তুলে বাইরে নিয়ে যান তিনি। স্কুলের অন্যান্য সিসিটিভি ফুটেজেও ওই ছাত্রীকে হাঁটাহাটি করতে দেখা গিয়েছে। অন্য একটি ফুটেজে দেখা গিয়েছে সে পড়ুয়াদের সঙ্গে সিঁড়ি দিয়ে উপরে উঠছে।
হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকদের প্রাথমিক অনুমান, হার্ট অ্যাটাক হয়েছিল ওই ছাত্রীর। তবে ঠিক কী কারণে ছাত্রীর মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসার পরই নিশ্চিত হওয়া যাবে।