সূর্যকুমারই কি মুম্বইয়ের নতুন অধিনায়ক? স্কাইয়ের ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে জল্পনা
সূর্যকে নিতে আগ্রহী একাধিক দল, ছড়িয়েছিল জল্পনা
মুম্বই ইন্ডিয়ান্সে সূর্যকুমারের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছিল বেশ কিছু দিন আগেই। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছিল, তাঁকে দলে নিতে আগ্রহী একাধিক IPL ফ্র্যাঞ্চাইজ়ি। সেই তালিকায় ছিল লখনৌ সুপার জায়ান্টস (Lucknow Super Giants), কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)।
লখনৌয়ের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ওঠার পর নেতৃত্ব দেওয়ার বিকল্প হিসেবেও সূর্যকুমারের নাম উঠে এসেছিল। এমন কী নিকোলাস পুরানের (Nicholas Pooran) সঙ্গে তাঁকে অদলবদল করার সম্ভাবনা নিয়েও কিছু রিপোর্টে আলোচনা হয়। তবে মুম্বই ও লখনৌয়ের মধ্যে এমন কোনও চুক্তি হয়েছে বলে নির্ভরযোগ্য কোনও খবর পাওয়া যায়নি।
অন্য দিকে, কলকাতা নাইট রাইডার্সের হয়েও আগে খেলেছেন সূর্য। ২০১৮ সালে মুম্বইয়ে যোগ দেওয়ার আগে KKR-এর জার্সিতে খেলেছিলেন তিনি। তাই পুরনো দলে তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়। দিল্লি ক্যাপিটালসের নামও উঠে আসে সম্ভাব্য গন্তব্য হিসেবে। যদিও কোনও দলই তাঁর সঙ্গে আনুষ্ঠানিক ভাবে যোগাযোগ করেছে কি না, তা স্পষ্ট নয়।