সংস্কৃত বিশ্ববিদ্যালয়েও অশান্তি, অভিযুক্ত বিজেপি
পড়ুয়াদের একাংশের অভিযোগ, সোমবার দুপুরে দেখা যায়, বেশ কিছু বহিরাগত মহিলা–পুরুষ বিজেপির পতাকা এবং উত্তরীয় পরে অবাধে ক্যাম্পাসে প্রবেশ করেছেন। এবং তাঁরা শৌচালয় ব্যবহার করতে শুরু করেন। পড়ুয়াদের বক্তব্য, এতটাই ভিড় হয়ে যায় সে সময়ে যে, তাঁরাই শৌচালয় ব্যবহার করতে পারেননি। এক ছাত্রীর কথায়, ‘আমরা তখন কোন সিগারেট খাওয়া যায় তা নিয়ে আলোচনা করছিলাম। হঠাৎ কোনও প্ররোচনা ছাড়া ওই বহিরাগতরা আমাদের কুরুচিকর ভাষায় আক্রমণ করেন। প্রতিবাদ করলে আমাদের উপরে চড়াও হন।’ এরপরেই পরিস্থিতি হাতাহাতির দিকে গড়ায়। পড়ুয়ারা প্রশ্ন তোলেন, কার অনুমতিতে ওই বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করেছেন? যার কোনও সদুত্তর কর্তৃপক্ষ দিতে পারেননি বলে অভিযোগ। অভিযোগ, উস্কানিমূলক বক্তব্যের পরে পরিস্থিতি আরও খারাপ দিকে গড়ালে এক জন আধিকারিক ও কয়েকজন নিরাপত্তারক্ষী হস্তক্ষেপ করেন। কিন্তু পড়ুয়াদের অভিযোগ, তাঁরা বার বার ছাত্রছাত্রীদের ঘটনাস্থল থেকে চলে যাওয়ার জন্য চাপ দেন। কিন্তু বহিরাগতদের বিষয়ে কোনও মন্তব্য করেননি। এরপর পড়ুয়াদের সম্মিলিত প্রতিবাদের মুখে ওই ভিড় ক্যাম্পাস থেকে বেরিয়ে যায়। কিন্তু পড়ুয়াদের অভিযোগ, ক্যাম্পাসের গেটের বাইরে দাঁড়িয়ে প্রতিবাদী পড়ুয়াদের বাইরে বেরোলে দেখে নেওয়া হবে বলেও হুমকি দেওয়া হতে থাকে। সে সময়ে পড়ুয়ারা ভিসির কাছে নিরাপত্তা দাবি করেন। কয়েকজন পড়ুয়াকে বিশ্ববিদ্যালয়ের গাড়ি করে নিরাপদ দূরত্বে ছেড়ে আসা হয়।