ওমান উপকূলে ভারতীয় জাহাজে হামলা, নিহত গুজরাতের নাবিক! উদ্ধার ১৩ জন - 24 Ghanta Bangla News
Home

ওমান উপকূলে ভারতীয় জাহাজে হামলা, নিহত গুজরাতের নাবিক! উদ্ধার ১৩ জন

Spread the love

পশ্চিম এশিয়ায় যুদ্ধের উত্তেজনার মধ্যেই সমুদ্রে আক্রান্ত ভারতীয় জাহাজ। ওমান উপকূলের কাছে অজ্ঞাতপরিচয় উড়ন্ত বস্তু আছড়ে পড়ে ভারতীয় পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে। ভয়াবহ এই ঘটনায়…

পশ্চিম এশিয়ায় যুদ্ধের উত্তেজনার মধ্যেই সমুদ্রে আক্রান্ত ভারতীয় জাহাজ। ওমান উপকূলের কাছে অজ্ঞাতপরিচয় উড়ন্ত বস্তু আছড়ে পড়ে ভারতীয় পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে। ভয়াবহ এই ঘটনায় মৃত্যু হয়েছে এক ভারতীয় নাবিকের। জাহাজে থাকা বাকি ১৩ জনকে নিরাপদে উদ্ধার করেছে ওমানের উপকূলরক্ষী বাহিনী। ২ নভেম্বরের এই ঘটনার কথা সমাজমাধ্যমে জানিয়েছেন কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ‘এমএসভি আল জুসুফি’ (MSV AL JUSUFI) নামে ভারতীয় জাহাজটিতে মোট ১৪ জন ভারতীয় নাবিক ছিলেন। ২ নভেম্বর ওমানের উপকূলের কাছে চলার সময় জাহাজটিতে একটি অজ্ঞাতপরিচয় উড়ন্ত বস্তু আঘাত হানে। বিপদের আঁচ পেয়ে জাহাজ ছেড়ে বেরিয়ে আসেন ১৩ জন। পরে তাঁদের উদ্ধার করে ওমানের কোস্ট গার্ড।

তবে শেষরক্ষা হয়নি গুজরাতের বাসিন্দা গান্ধার নাহিম আজিজের। গুরুতর আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন সর্বানন্দ সোনোয়াল। নিহত নাবিকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

মন্ত্রী আরও জানিয়েছেন, বাকি ১৩ জনের প্রয়োজনীয় সহায়তা এবং তাঁদের দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করতে ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস ও জাহাজ মন্ত্রক স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে। মৃত নাবিকের দেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থাও করা হচ্ছে।

হামলার নিন্দা বিদেশ মন্ত্রকের

এই ঘটনার তীব্র নিন্দা করেছে ভারতের বিদেশ মন্ত্রকও। মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, ওমানের লিমাহ উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজ এমএসভি আল জুসুফির উপর হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। জাহাজে থাকা ১৪ জন ভারতীয়ের মধ্যে ১৩ জনকে উদ্ধার করা গেলেও একজনের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বিদেশ মন্ত্রক।

বিবৃতিতে আরও বলা হয়েছে, উদ্ধার হওয়া নাবিকদের দ্রুত দেশে ফেরাতে ওমানের প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে ভারতীয় দূতাবাস। একই সঙ্গে ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের উপর একের পর এক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি।

বিদেশ মন্ত্রকের বক্তব্য, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমিত করতে অবিলম্বে পদক্ষেপ করা প্রয়োজন। চলতি আলোচনা থেকে কূটনৈতিক সমাধানের পথ বের করার উপরও জোর দিয়েছে ভারত। আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজের নিরাপদ ও অবাধ যাতায়াত নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

হরমুজ প্রণালীতেও জাহাজে বিস্ফোরণের দাবি

এদিকে, হরমুজ প্রণালী ঘিরেও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর নৌবাহিনীর দাবি, নিষিদ্ধ জলপথ দিয়ে যাওয়ার সময় নৌ-মাইনে ধাক্কা লেগে দুটি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে। তার মধ্যে একটি সুপারট্যাঙ্কারও ছিল। বিস্ফোরণের পর একটি জাহাজে আগুন ধরে যায় বলে দাবি ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভির।

আইআরজিসির অভিযোগ, জাহাজ দুটি নিজেদের নেভিগেশন ও পরিচয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রেখেছিল। নিষিদ্ধ পথে না যাওয়ার জন্য একাধিকবার সতর্ক করা হলেও তা উপেক্ষা করা হয়। যদিও এই অভিযোগগুলির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা যায়নি।

অন্যদিকে, হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজের উপর হামলার খবর জানিয়েছে ব্রিটেনের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (UKMTO)। সংস্থার ১ নভেম্বরের সতর্কবার্তা অনুযায়ী, আন্তর্জাতিক সময় ১৫টা ৯ মিনিট নাগাদ ওই কৌশলগত জলপথে একটি ঘটনার খবর তাদের কাছে পৌঁছয়।

সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের জলপথে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। তার মধ্যেই ওমানের উপকূলে ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমেছে দেশে।

হেলিপ্যাডে নামার মুখে ভয়াবহ দুর্ঘটনা, নেপালে কপ্টার সংঘর্ষে মৃত্যু ভারতীয়ের

‘বিশ্বকে নেতৃত্ব দিতে পারে ভারত!’ মত কানাডার কার্নির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *