উত্তরাখণ্ডে নিখোঁজ বাঁকুড়ার ৫ অভিযাত্রী, বাড়ছে উদ্বেগ
নিখোঁজ যুবক তাপস বাউড়ির বাবা লালমোহন বাউড়ি জানান, ট্রেকিং রুটে যাওয়ার আগে বাড়িতে ফোন করেছিলেন তাপস। জানিয়েছিলেন, দুর্গম এলাকায় যাচ্ছেন। কয়েকদিন ফোনে যোগাযোগ হবে না। লালমোহন জানিয়েছেন, ‘এর পরে যতবারই ফোন করেছি, ততবারই বলছে সুইচ অফ।’ তাপসের পরিবারের তরফে জানানো হয়েছে, এর আগেও কেদারনাথ, নেপাল-সহ নানা জায়গায় ট্রেকিং করতে গিয়েছেন তিনি। কিন্তু, এমন বিপদ হয়নি আগে। তাপসের দিদি কবিতা বাউড়ি জানান, ‘সোমবার ভাইয়ের সঙ্গে শেষবার কথা হয়েছিল।’ এর পরে ট্রেকিং করার জন্য লজ থেকে বেরিয়েছিলেন তাঁরা। এর পরে তাপসের সঙ্গে কোনও যোগাযোগ করতে না পেরে লজের সঙ্গে যোগাযোগ করেন পরিবার। লজের তরফে জানানো হয়, চার দিন ঘরে ফেরেননি ওই দলটি। কথাগুলো বলতে বলতে হাউ হাউ করে কেঁদে ফেলেন কবিতা।