Footballer’s Death: আবার ফিরল জুনিয়রের ভয়ানক স্মৃতি, কিপারের সঙ্গে সংঘর্ষে মাঠেই মৃত্যু স্প্যানিশ ফুটবলারের | Spanish Footballer Jesus De Miguel Dies After Collision With Goalkeeper
স্পেন: ময়দানে আবার ফিরল জুনিয়রের স্মৃতি। গোলকিপারের সঙ্গে সংঘর্ষে প্রয়াত স্পেনের সিডি তেনেরিফের ফুটবলার জেসুস ডি মিগেল। স্পেনের দ্বিতীয় ডিভিশনের ম্যাচে এফসি অ্যান্ডোরার বিরুদ্ধে খেলতে নেমে প্রতিপক্ষের গোলকিপার জেসুস ওসোনার সঙ্গে সংঘর্ষে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। মাঠেই হৃদরোগে আক্রান্ত হন এই স্প্যানিশ স্ট্রাইকার। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও আর শেষ রক্ষা হয়নি। এই ঘটনা মনে করাল জুনিয়রকে।
২০০৪ সালে ফেড কাপ ফাইনালে মোহনবাগান গোলকিপার সুব্রত পালের সঙ্গে সংঘর্ষ হয় তাঁর। ৫ ডিসেম্বর সেই ফাইনালে বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও ডেম্পো। ম্যাচে জোড়া করেছিলেন জুনিয়র। তবে ৭৮ মিনিটে বাগান গোলকিপার সুব্রত পালের সঙ্গে তাঁর সংঘর্ষ হয়। মাঠেই লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয় জুনিয়রকে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছিল।
জেসুসের মৃত্যু-
ম্যাচের অতিরিক্ত সময়ে স্কোর ছিল ২-২। মাঝমাঠের কাছে একটি লম্বা বাড়ানো বলের দখল নিতে গিয়ে প্রতিপক্ষ গোলকিপারের সঙ্গে ধাক্কা লাগে জেসুসের। বুকে আঘাত পেয়ে মাঠেই লুটিয়ে পড়েন তিনি। বেশ কিছুক্ষন তাঁকে নড়াচড়া করতে দেখা যায়নি। ঘটনার পরই মাঠে আসেন দুই দলের চিকিৎসক ও মেডিক্যাল স্টাফরা। মাঠের মধ্যেই ৫ মিনিট ধরে চলে তাঁর চিকিৎসা। পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু শেষ অবধি মৃত্যুর কোলে ঢলে পড়েন ৩০ বছর বয়সী এই ফুটবলার। ইতিমধ্যে তাঁর মৃত্যুর খবর জানিয়েছে তাঁর ক্লাব সিডি তেনেরিফ।
২০১৫ সালে স্পেনের লেগানেস বি দলের হয়ে ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন জেসুস। এরপর স্পেনের আরও ৮টি দলে খেলেছিলেন তিনি। গত বছর যোগ দিয়েছিলেন সিডি তেনেরিফে। কিন্তু ৩০ বছরেই তাঁর ইহলোকের মায়া ত্যাগ করার খবরে শোকের আবহ স্প্যানিশ ফুটবলমহলে।