Bankura news update: উত্তরাখণ্ডে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী ৮ জন | 8 people witness terrifying experiences while visiting Uttarakhand - 24 Ghanta Bangla News
Home

Bankura news update: উত্তরাখণ্ডে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী ৮ জন | 8 people witness terrifying experiences while visiting Uttarakhand

Spread the love

বাঁকুড়া: উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে বড় বিপত্তি। প্রবল তুষারঝড়ে নিখোঁজ হয়ে গেলেন একই অভিযাত্রী দলের মোট ৮ সদস্য। এর মধ্যে ৫ জনের বাড়ি রাজ্যের বাঁকুড়া জেলায়। নিখোঁজ অভিযাত্রীদের নাম তাপস বাউরি, রতন ঘোষ, রিন্টু মণ্ডল, উদয় ঘোষ ও মনোজ খাওয়াস। এর মধ্যে প্রথম ৪ জনের বাড়ি বাঁকুড়ার শালবনী গ্রামে। মনোজ খাওয়াসের বাড়ি বাঁকুড়ার কেশরা গ্রামে। অপর ৩ নিখোঁজ অভিযাত্রীর মধ্যে ২ জনের বাড়ি উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ ও ১ জনের বাড়ি উত্তরাখণ্ডের উত্তরকাশিতে। সময় যত গড়াচ্ছে ততই নিখোঁজ অভিযাত্রীদের পরিবারগুলিতে বাড়ছে উদ্বেগ।

ঠিক কী ঘটেছে?

জানা গিয়েছে, শেরপা ও সহকারী মিলিয়ে ৪ জন সহ মোট ১২ জন অভিযাত্রীর একটি দলের উত্তরাখণ্ডের গঙ্গোত্রী থেকে কেদারতাল পর্যন্ত ট্রেকিং করার কথা ছিল। নির্দিষ্ট দিনে গঙ্গোত্রীর বেস ক্যাম্প থেকে দলটি রওনাও দেয়। যাওয়ার পথে ৪ হাজার মিটার উচ্চতায় আচমকাই তুষারঝড়ে নিখোঁজ হয়ে যান ওই অভিযাত্রী দলের অধিকাংশ সদস্য । পরে দলে থাকা শেরপা ও সহকারী মিলিয়ে মোট ৪ জন শেষ পর্যন্ত ৩০ অক্টোবর কোনওক্রমে গন্তব্যে পৌঁছে ওই দলে থাকা অপর ৮ জন অভিযাত্রীর নিখোঁজ হওয়ার খবর জানান। এরপরই উদ্ধারকাজে নামে উত্তরাখণ্ড সরকার।

উত্তরাখণ্ড ‘সিভিল অ্যভিয়েশান ডেভলপমেন্ট অথোরিটির’ হেলিকপ্টারের সাহায্যে উত্তরাখণ্ড রাজ্যের এসডিআরএফ টিম গত দু’দিন ধরে হিমালয়ের নির্দিষ্ট ওই স্থানে তল্লাশি চালালেও এখনো নিখোঁজ ৮ জনের কোনও খোঁজ মেলেনি। উত্তরাখণ্ড সরকারের তরফে জানানো হয়েছে উচ্চ হিমালয়ের দুর্ঘটনাস্থলে আবহাওয়া প্রতিকূল থাকায় মাঝে মধ্যেই তল্লাশি অভিযান বাধাপ্রাপ্ত হচ্ছে। এদিকে সময় যত যাচ্ছে ততই নিখোঁজ অভিযাত্রীদের পরিবারগুলিতে বাড়ছে উদ্বেগ। প্রশাসনের তরফে পরিবারগুলির সঙ্গে যোগাযোগ করে তাঁদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *