পিছিয়ে যাচ্ছে বিরাট কোহলির ‘হোমকামিং’? শ্রীলঙ্কার বিরুদ্ধে ODI নিয়ে অনিশ্চয়তা
৪ নভেম্বর থেকে শুরু নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ODI সিরিজ়। ভারতীয় দলের জার্সিতে আরও একবার দেখা যাবে বিরাট কোহলিকে। তবে পরের মাসে ঘরের মাঠে তাঁর খেলা দেখার অপেক্ষায় ছিলেন দিল্লির ক্রিকেটপ্রেমীরা। কিন্তু সেই আশায় জল ঢালতে পারে অরুণ জেটলি স্টেডিয়ামের সংস্কারের কাজ। ১৩ ডিসেম্বর থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ODI সিরিজ়ে নামার কথা ভারতের। সূচি অনুযায়ী, প্রথম ম্যাচটি হওয়ার কথা ছিল দিল্লিতে। তবে সংস্কারের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ না হলে ম্যাচটি অন্য কোনও ভেন্যুতে সরানো হতে পারে। ফলে কোহলির ‘হোমকামিং’ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা।
কেন অন্য ভেন্যুতে হতে পারে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ?
একাধিক রিপোর্টে প্রকাশ, নিকাশি ব্যবস্থা উন্নত করার জন্য দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের আউটফিল্ডকে বালিভিত্তিক (Sand-Based) করার কাজ চলছে। এই কাজ শেষ হতে আরও তিন থেকে চার মাস সময় লাগতে পারে। সূত্রের খবর, মুল্লানপুর, লখনৌ-সহ ভারতের প্রায় ৭৫ শতাংশ ক্রিকেট মাঠে ইতিমধ্যেই স্যান্ড-বেসড আউটফিল্ড রয়েছে।
বৃষ্টির পরে মাঠ দ্রুত খেলার উপযোগী করে তোলার জন্যই এটি করা হয়। তাই অরুণ জেটলি স্টেডিয়ামেও একই পন্থা অনুসরণ করা হচ্ছে। এর ফলে বৃষ্টির সময়ে আর গোটা মাঠ ঢেকে রাখার প্রয়োজন হবে না। আউটফিল্ডে জল জমার সমস্যাও কমবে।
কেন কোহলির খেলা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা?
অরুণ জেটলি স্টেডিয়ামে এই সংস্কারের কাজ শেষ হতে যদি চার মাস সময় লাগে, তা হলে IPL ২০২৭-এর আগে কোনও ম্যাচ আয়োজন করা কঠিন হতে পারে। শেষবার এই মাঠে কোনও ODI ম্যাচ হয়েছিল ২০২৩ সালের বিশ্বকাপে। আফগানিস্তানের বিরুদ্ধে খেলেছিল ভারত। এ বার শ্রীলঙ্কার বিরুদ্ধে ODI নিয়ে বাড়ল অনিশ্চয়তা। ভেন্যু বদল হলে ঘরের মাঠে বিরাটের খেলা দেখতে পারবেন না দিল্লির ক্রিকেটপ্রেমীরা।
সরেছে রঞ্জি ট্রফির ম্যাচও
স্টেডিয়ামে এই সংস্কারের কারণে রঞ্জি ট্রফিতে দিল্লির হোম ম্যাচগুলিও সরিয়ে দিতে হয়েছে। দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (DDCA) আপাতত পালামের এয়ার ফোর্স কমপ্লেক্স গ্রাউন্ডে ম্যাচ আয়োজন করছে। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে ODI সিরিজ়ের প্রথম ম্যাচও দিল্লি থেকে সরে কি না, সেটাই দেখার।