চরিত্রের প্রয়োজনে সাহসী অবতারে কৃতি স্যানন
বলিউডে গ্ল্যামারাস অবতারে নজর কেড়েছেন কৃতি স্যানন। বিশেষ করে ‘ককটেল ২’-এ তাঁর বিকিনি লুক নিয়ে বেশ চর্চা হয়েছিল। ছবিতে কৃতির এই সাহসী অবতার দেখে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, এতদিন কেন এমন চরিত্রে দেখা যায়নি অভিনেত্রীকে? সম্প্রতি সেই প্রশ্নেরই উত্তর দিলেন কৃতি। অভিনেত্রী এক আলোচনায় অংশ নিয়ে তাঁর কেরিয়ার, অভিনয় এবং পর্দায় গ্ল্যামারাস উপস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেন। সেখানেই উঠে আসে ‘ককটেল ২’-এর বিকিনি দৃশ্যের প্রসঙ্গ।
কৃতি জানান, এতদিন কোনও ছবিতে বিকিনি পরার দৃশ্য না থাকার পিছনে নির্দিষ্ট কোনও বাধা বা আপত্তি ছিল না। বরং চরিত্র এবং ছবির গল্পের সঙ্গে বিষয়টি কতটা মানানসই, সেটাই ছিল তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। শুধুমাত্র সাহসী বা গ্ল্যামারাস দেখানোর জন্য কোনও দৃশ্যে অভিনয় করতে তিনি আগ্রহী নন, চরিত্রের প্রয়োজন এবং গল্পের স্বাভাবিকতা তাঁর কাছে বরাবরই অগ্রাধিকার পেয়েছে বলেই জানিয়েছেন ন্যাশনাল অ্যাওয়ার্ডজয়ী অভিনেত্রী।

শাহিদ কাপুর, রশ্মিকা মন্দানা ও কৃতি অভিনীত ‘ককটেল ২’ বক্স অফিসে অবশ্য কাঙ্ক্ষিত সাফল্য পায়নি। যদিও কৃতির লুক সামনে আসার পরে তা নিয়ে প্রবল আলোচনা হয়েছিল। তবে পর্দায় এমন অবতারে ধরা দেওয়ার জন্য কোনও বিশেষ চাপ অনুভব করেছেন কি না, সেই প্রশ্নেরও মুখোমুখি হতে হয় অভিনেত্রীকে। কৃতির কথায়, একজন অভিনেত্রী হিসেবে নিজের পছন্দ ও স্বচ্ছন্দ্যকে গুরুত্ব দেওয়াই জরুরি। পর্দায় কী ভাবে নিজেকে তুলে ধরবেন, সেই সিদ্ধান্ত তাঁর নিজের। তাঁর এই বক্তব্যের পরে বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে। কারণ কিছু দিন আগে রাখির সময়ে গয়নার এক বিজ্ঞাপনে অভিনেত্রীর পরনে থাকা পোশাক নিয়ে বেশ বিতর্ক হয়েছিল।

গয়না প্রস্তুতকারী ওই সংস্থার তরফে শেষ পর্যন্ত অ্যাডটি সরিয়ে নেওয়া হয়। কৃতির ড্রেস নিয়ে সেই সময়ে চর্চা, বিতর্কের গোটা পর্ব যে তাঁকে বেশ অবাক করেছিল, সেটা আগে এক সাক্ষাৎকারে প্রকাশ করেছিলেন অভিনেত্রী। একজন নারী কী পরবেন তা নিয়ে চর্চার বদলে তাঁদের নিরাপত্তা নিয়ে মানুষের বেশি ভাবা প্রয়োজন বলেও জানিয়েছিলেন কৃতি স্যানন।