tiger safari-পাঁচ ডোরাকাটার জন্য সাজছে লালপাহাড়ির দেশ
বাঘ দেখতে দর্শকদের জন্য জঙ্গল জুড়ে থাকবে গোলাকৃতি খাঁচা-পথ। সেই জালের ক্যানপি দিয়ে হেঁটে যেতে যেতে দেখতে পাওয়া যাবে বাঘ। এ ছাড়াও টাইগার সাফারি ঘুরে দেখার জন্য থাকবে বিশেষ গাড়ি।
শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক থেকে ঝাড়গ্রামে প্রথম পর্যায়ে পাঁচটি বাঘ আনার পরে তাদের রাখার মতো পরিকাঠামো রয়েছে জঙ্গলমহল জুলজিক্যাল পার্কেও। সেখানে নতুন এনক্লোজার তৈরি হয়েছে। পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, এনক্লোজারটিতে চারটি বাঘ রাখা যাবে। প্রথম পর্যায়ে চারটি বাঘ এনে সেই এনক্লোজারে রাখা হলে জঙ্গলমহল জুলজিক্যাল পার্কেও পর্যটকের ভিড় উপচে পড়বে বলে আশাবাদী পার্ক কর্তৃপক্ষ। পরে টাইগার সাফারির কাজ সম্পূর্ণ হলে এনক্লোজার থেকে বাঘ খোলা জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়া হবে।