Chhath Puja: ছট পুজোতেও বাংলায় বড় কোনও ষড়যন্ত্র চলছে? ভয়ঙ্কর দাবি মন্ত্রীর | Malda chhath puja security alert minister claims conspiracy to trigger chorbagan like incident
মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষImage Credit: TV9 Bangla
মালদহ: ছট পুজোর সময় মালদহে চোরবাগানের মতো ভয়াবহ ঘটনা ঘটানোর ষড়যন্ত্র চলছে বলে বিস্ফোরক দাবি করলেন রাজ্যের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। তাঁর অভিযোগ, অতীতে ক্ষমতার থাকা ব্যক্তি ও কিছু অসাধু চক্র এই নাশকতার পেছনে যুক্ত রয়েছে।মালদহ শহরের মহানন্দা নদীর তীরবর্তী মিশন ঘাটে ছট পুজোর বিশাল আয়োজন করা হয়। লক্ষাধিক মানুষের জমায়েত এবং বহু মেলা বসা এই এলাকায় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পুলিশ ও প্রশাসন ইতিমধ্যেই ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে ধরপাকড় শুরু করবে বলে জানিয়েছেন মন্ত্রী।
উল্লেখ্য, সম্প্রতি জেলাশাসক, পুলিশ সুপার এবং ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা বিধানসভার চিফ হুইপ অম্লান ভাদুড়িকে সঙ্গে নিয়ে নদী ঘাট এলাকা ও নৌকায় চড়ে সুরক্ষাব্যবস্থা খতিয়ে দেখেছেন মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ।
মন্ত্রী বলেন, “কিছু শক্তি থাকে অন্তর্ঘাতের চেষ্টা করবে, ষড়যন্ত্র করার চেষ্টা করবে। তার জন্যও আমরা প্রস্তুত রয়েছি।” অন্তর্ঘাতের প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, “চোরবাগানে তো একই ঘটনা ঘটেছে, কেউ বা কারা, যাদের চেয়ার চলে গিয়েছে, তারা সরকারের বদনাম করতে চাইছে। বিভ্রান্তিমূলক প্রচার চালানোর চেষ্টা করছে।”
তবে সরকার, স্থানীয় প্রশাসনের তরফে গঙ্গাঘাট পরিদর্শন করে নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে বলে জানান মন্ত্রী। ভিড়ের মধ্যে কোনও একটা মাইকিং, তার জন্য দৌড়াদৌড়ি, সেটা এখানে করা হবে না বলেও জানান তিনি। চোরবাগানের ঘটনার নেপথ্যে আরও একবার ষড়যন্ত্রের তত্ত্বই খাড়া করেন তিনি। এখানে এরকম কেউ করলে দ্রুত ধরা পড়বে বলেও জানিয়ে দেন মন্ত্রী।