রামলীলায় ‘ইন্ডিয়া’র সভা ঘিরে দুর্গের চেহারায় দিল্লি, শিখ নিধনের প্রতিবাদে পাল্টা মিছিলে পদ্ম শিবিরও
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী শুক্রবার অভিযোগ করেছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে চেষ্টা করছেন মধ্যপ্রদেশ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা এবং তেলঙ্গানা থেকে রামলীলার সমাবেশে যোগদান করতে দিল্লিতে আসা আমজনতাকে আটকাতে৷ যদিও তারপরেও পড়শি রাজ্যগুলি দলীয় কর্মী–সমর্থকদের জোগাড় করে দিল্লিতে নিয়ে আসতে৷ দিল্লি সরকারের ঘোষিত নীতি অনুযায়ী, আজ, রবিবার থেকে দিল্লিতে বিএস-৬ শ্রেণি ছাড়া অন্য কোনও গাড়ি প্রবেশ করতে পারবে না৷ সে কথা মাথায় রেখে বিরোধী শিবির বড় বাস, লরিতে লোক নিয়ে এসে শনিবার রাতের মধ্যেই রামলীলা ময়দানের কাছাকাছি জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছে৷ দিল্লির পুলিশ–প্রশাসন বড় গাড়ি, বাস, ট্রাকের পথ আটকালে ছোট ছোট গাড়িতে করে জনতাকে পৌঁছে দেওয়া হবে রামলীলায়, এমনটাই পরিকল্পনা বিরোধী শিবিরের৷ যদিও এই সমাবেশকে শুধু ফটো–সেশন বলে কটাক্ষ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর কটাক্ষ, ‘জ্ঞানেশ কুমারকে ওঁরা ইমপিচ করার কথা বলছেন! ওঁদের কাছে কোনও সংখ্যা নেই। এ সব শুধু…তু খিঁচ মেরি ফটোর জন্য!’