Gambhir on Vaibhav: ‘সবাইকে খুশি করা আমার কাজ নয়…’, বৈভব বিতর্কের মাঝেই মতপ্রকাশ গম্ভীরের | Why Vaibhav Suryavanshi Not Playing vs NZ? Gautam Gambhir Gives Strong Reply
নয়াদিল্লি: জাতীয় দলে তরুণ প্রতিভাদের নিয়ে চলছে একাধিক বিতর্ক। বিশেষ করে বৈভব সূর্যবংশী কেন প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন না, এই নিয়েই প্রশ্ন উঠছে। এবার সেই নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন দলের কোচ গৌতম গম্ভীর। এমনকি এও প্রশ্ন উঠেছিল, কিউয়িদের বিরুদ্ধে কেন পঞ্চম ম্যাচে বৈভবকে সুযোগ দেওয়া হল না? এবার সেই বিতর্কে মুখ খুলে গম্ভীর জানালেন, সবাইকে খুশি করা তাঁর কাজ নয়। বরং দলের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নেওয়াই তাঁর প্রধান দায়িত্ব। আইপিএল ২০২৬-এ ভাল পারফরম্যান্স করার পরেই তাঁকে নিয়ে ক্রিকেট মহলে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। তাঁর ব্যাটিং প্রতিভা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটপ্রেমীরা। কিন্তু বর্তমান দলে নিয়মিত সুযোগ পাচ্ছেন না এই তরুণ ব্যাটার। ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ টি-টোয়েন্টি ম্যাচে, জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩ ম্যাচে ও এশিয়ান গেমসে সুযোগ পেলেও জাতীয় দলে নিজের জায়গা এখনও পাকা করতে পারেননি তিনি।
স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে গম্ভীর জানিয়েছেন, তাঁর কাজ জনপ্রিয় সিদ্ধান্ত নেওয়া নয়, বরং সঠিক সিদ্ধান্ত নেওয়া। তিনি বলেন, “প্রথমেই বলি, সবাইকে খুশি করা আমার কাজ নয়। আমার কাজ সঠিক সিদ্ধান্ত নেওয়া, জনপ্রিয় সিদ্ধান্ত নেওয়া নয়। আমি সেই কাজের জন্যই এখানে রয়েছি।” সামাজিক মাধ্যমে ওঠা একাধিক অভিযোগ নিয়ে তিনি মুখ খুললেন। বললেন, “অনেক ক্রিকেটার দীর্ঘ সময় ধরে অসাধারণ পারফরম্যান্স করেছেন। তাই তাদের আরও বেশি সময় ও সুযোগ দেওয়া উচিৎ। নতুন প্রতিভা অবশ্যই রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে যারা ভাল খেলছে, তাদেরও সুযোগ দিতে হবে।”
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও বৈভবকে ঘিরে বিতর্ক তৈরি হয়। ঈশান কিষান চোটের কারণে বাইরে থাকায় প্রথম দুটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন তরুণ এই ব্যাটার। কিন্তু চোট কাটিয়ে ঈশান দলে ফিরতেই আবার বাদ দিয়ে দেওয়া হয় বৈভবকে। এই সিদ্ধান্ত নিয়েই উঠছে প্রশ্ন। তবে গম্ভীরের দর্শনে কোনও ম্যাচই গুরুত্বহীন নয়। তাঁর মতে, দেশের হয়ে খেলার সুযোগ পাওয়া অত্যন্ত সম্মানের বিষয়। তাই সব ম্যাচকে সমান গুরুত্ব দেওয়া উচিৎ। গম্ভীর বলেন, “দেশের হয়ে খেললে কোনওরকম গা ছাড়া মনোভাবের জায়গা নেই। এটি একটি আন্তর্জাতিক ম্যাচ। দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ খুব কম সৌভাগ্যবান ক্রিকেটারই পান। আমার কাছে কোনও ম্যাচই ডেড রাবার নয়। সবাই জিততেই খেলতে নামেন।” সব মিলিয়ে বৈভবকে নিয়ে বিতর্কের মাঝেই নিজের অবস্থান পরিস্কার করে দিলেন গৌতম।