Dhupguri News: হঠাৎ ঝাঁপিয়ে পড়েছিল চিতাবাঘ, একটা ‘ছোট্ট’ বুদ্ধি প্রাণ বাঁচাল বৃদ্ধার - 24 Ghanta Bangla News
Home

Dhupguri News: হঠাৎ ঝাঁপিয়ে পড়েছিল চিতাবাঘ, একটা ‘ছোট্ট’ বুদ্ধি প্রাণ বাঁচাল বৃদ্ধার

Spread the love

Dhupguri News: হঠাৎ ঝাঁপিয়ে পড়েছিল চিতাবাঘ, একটা ‘ছোট্ট’ বুদ্ধি প্রাণ বাঁচাল বৃদ্ধার

ধূপগুড়ি: জমিতে ধান কাটতে গিয়েছিলেন। সেই সময় আচমকা চিতাবাঘ হামলার শিকার হলেন এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের ঝাড়আলতা-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গারঘুটা এলাকায়। আহত মহিলার নাম বাসন্তী রায় (প্রায় ৬০)।

জানা গিয়েছে, মরাঘাট রেঞ্জের খট্টিমারি জঙ্গল সংলগ্ন এলাকার বাসিন্দা বাসন্তী রায় এদিন নিজের জমিতে একাই ধান কাটছিলেন। সেই সময় আচমকাই পিছন দিক থেকে একটি চিতাবাঘ তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। চিতাবাঘের থাবায় মাটিতে পড়ে যান তিনি। তবে বিপদের মুখেও সাহস হারাননি বাসন্তী দেবী। হাতে থাকা কাঁচি দিয়ে চিতাবাঘটিকে ভয় দেখানোর চেষ্টা করলে শেষ পর্যন্ত তাঁকে ছেড়ে জঙ্গলের দিকে পালিয়ে যায় ।

তাঁর চিৎকার শুনে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যান। চিতাবাঘের থাবা ও কামড়ে তাঁর শরীরের তিনটি জায়গায় আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বাড়িতে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে জলপাইগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে পরিবার।

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা মরাঘাট রেঞ্জের সোনাখালি বিট অফিসে খবর দেন। বন দফকরের কর্মীরা হাসপাতালে গিয়ে আহত মহিলার খোঁজখবর নেন। তবে রেঞ্জ অফিসে বারবার ফোন করেও যোগাযোগ করা যায়নি বলে অভিযোগ।

উল্লেখ্য, ডুয়ার্সে এর আগেও একাধিকবার চিতাবাঘের হামলার ঘটনা ঘটেছে। কলাবাড়ি এলাকায় বাড়ির উঠোন থেকে শিশু তুলে নিয়ে যাওয়ার ঘটনায় প্রাণহানির অভিযোগও রয়েছে। নতুন করে এই হামলায় গারঘুটা ও পার্শ্ববর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। জঙ্গল লাগোয়া জমিতে ধান কাটতে যেতে ভয় পাচ্ছেন শ্রমিকরা। বন দফতরের কাছে এলাকায় নজরদারি বৃদ্ধি এবং কৃষকদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *