‘এমন জুটি দেখা যায় না’, বলছেন প্রতিবেশীরা, দত্তপুকুরে দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য
সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় ছিলেন রীতশ্রী দাস (২৩)। প্রসেন দাসের (২৭) সঙ্গে বিয়ের পরেও সেই অভ্যাসে ছেদ পড়েনি। বলিউডের গানে লিপ-সিঙ্ক করে পোস্ট করতেন তিনি। এই এক বছরে দম্পতিকে ঝগড়া-অশান্তি করতেও খুব একটা দেখেননি প্রতিবেশীরা। কিন্তু শুক্রবার রাতে ঠিক কী ঘটেছিল? প্রসেন-রীতশ্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের পরে দু’দিন কেটে গেলেও সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের থেকে জানা গিয়েছে, এক বছর আগে দত্তপুকুরের নিবাধুই পূর্বপাড়ার বাসিন্দা প্রসেনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন হিন্দমোটরের রীতশ্রী। বাড়ির অমতে বিয়ে করলেও পরে সবাই তাঁদের সম্পর্কটা মেনেও নিয়েছিলেন।
গত শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ বাবা রাজেশ পালের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলেন রীতশ্রী। তার পরে স্বামী-স্ত্রী খাওয়া দাওয়া করে ঘুমোতে চলে যান। পরের দিন সকালে তাঁদের কোনও সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢোকেন রীতশ্রীর শাশুড়ি ও ননদ। তাঁরাই সিলিং ফ্যান থেকে দু’জনের ঝুলন্ত দেহ দেখতে পান। পরে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় দত্তপুকুর থানার পুলিশ।
ঘটনায় প্রসেনের পরিবারের দিকেই আঙুল তুলছেন রীতশ্রীর বাবা রাজেশ এবং বোন রাজশ্রী। বিশেষ করে প্রসেনের বোন স্বপ্না দাসের বিরুদ্ধে অভিযোগ তাঁদের। স্বপ্নার বিয়ে হয়ে গেলেও বাপের বাড়িতেই থাকতেন। রাজশ্রীর দাবি, ননদ এবং শাশুড়ি মিলে তাঁর দিদির উপরে মানসিক নির্যাতন চালাতেন। তাঁর কথায়, ‘ওদের পুরো পরিবারটাকে জেলে দেখতে চাই।’
রীতশ্রীর মোবাইল ফোন নিয়েও প্রশ্ন উঠেছে। পরিবারের দাবি, এখনও মেয়ের মোবাইল হাতে পাননি তাঁরা। অথচ মৃত্যুর আগে ঠিক কী ঘটেছিল, তা জানার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে এই ফোনই।
গত জুনে জামাইষষ্ঠীতে হিন্দমোটরে গিয়েছিলেন দম্পতি। নতুন জামাইকে সাদরে বরণ করে নিয়েছিলেন শ্বশুর-শাশুড়ি। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন রীতশ্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজেও বেশ সক্রিয়। বিভিন্ন গানে লিপ-সিঙ্ক করে রিলস বানান। সেগুলো পোস্ট করেন।
প্রসেন-রীতশ্রীকে সুখী দম্পতি বলে জানতেন প্রতিবেশীরাও। দাবি, দাম্পত্য জীবনে কখনও ঝগড়া-অশান্তি দেখেননি তাঁরা। এমনকী প্রসেনের পরিবার-পরিজনদের সঙ্গেও তাঁদের সম্পর্ক স্বাভাবিক ছিল বলেই স্থানীয় সূত্রে জানা গিয়েছে। প্রতিবেশী এক বৃদ্ধার কথায়, ‘এমন জুটি দেখা যায় না।’ তাঁদেরই ঝুলন্ত দেহ উদ্ধারের খবর শুনে রীতিমতো অবাক হয়ে গিয়েছেন তিনি।
ময়নাতদন্তের ক্ষেত্রেও দেখা দিয়েছে জটিলতা। সোমবার প্রসেন ও রীতশ্রীর ময়নাতদন্ত হতে পারে বলে জানা গিয়েছে। তার আগে রবিবার দিনভর এক থানা থেকে অন্য থানায় ঘুরতে হয়েছে বলে অভিযোগ করলেন রীতশ্রীর পরিবারের সদস্যরা। দাবি, কখনও দত্তপুকুর, কখনও বারাসত, আবার কখনও উত্তরপাড়া থানায় যান তাঁরা। শেষ পর্যন্ত কাগজপত্র যখন হাতে পান, ততক্ষণে ময়নাতদন্তের নির্ধারিত সময় পেরিয়ে গিয়েছে। দু’দিন ধরে দেহ মর্গে থাকায় পচন ধরার আশঙ্কাও করছেন তাঁরা।
পুলিশ সূত্রে অবশ্য জানা গিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। প্রাথমিক তদন্তে এটাকে আত্মহত্যার ঘটনা বলেই মনে করছেন তাঁরা। ময়নাতদন্তের রিপোর্ট এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলবে বলে জানিয়েছে দত্তপুকুর থানার পুলিশ।
কিন্তু কেন আচমকা এমন সিদ্ধান্ত নিলেন প্রসেন-রীতশ্রী? উত্তর খুঁজছেন দত্তপুকুরের নিবাধুইয়ের প্রতিবেশীরা। একই প্রশ্ন উত্তরপাড়ার হিন্দমোটরেও—সেই রাতে ঠিক কী ঘটেছিল রীতশ্রী ও প্রসেনের মধ্যে?