‘নাটকের শহরে’ নাট্যবিমুখ নতুন প্রজন্ম? ৩ দিনের ফেস্টিভ্যাল
রূপক সরকার, বালুরঘাট
বালুরঘাটের ডাকনাম ‘নাটকের শহর’। এই শহরেই জন্মেছেন মন্মথ রায়, হরিমাধব মুখোপাধ্যায়ের মতো নাট্যব্যক্তিত্ব। তাঁদের নাট্য-যাপনও বালুরঘাটেই। ওটিটি এবং সোশ্যাল মিডিয়ার যুগে আজও শহরের আনাচেকানাচে নাট্যচর্চার পরিসরগুলি জীবিত। তবে সেখানে পাকাচুলের ভিড় বেশি বলে আক্ষেপ অনেকেরই। তরুণ-কিশোরদের হাতে এসেছে স্মার্টফোন। ঘরে ঘরে কম্পিউটার কিংবা ল্যাপটপ। পড়াশোনার ফাঁকে সুযোগ পেলেই মোবাইল স্ক্রিনে ডুব দিচ্ছে নয়া প্রজন্ম।
একসময়ে অবসরে রিহার্সালে যে ভিড় দেখা যেত, তা আজ প্রায় নেই বললেই চলে। তা হলে কি ‘নাটকের শহরের’ নয়া প্রজন্ম ধীরে ধীরে নাট্যবিমুখ হয়ে পড়ছে? এই উদ্বেগ থেকেই এ বার তরুণ-কিশোরদের মঞ্চে আনতে উদ্যোগী হয়েছেন বালুরঘাটের নাট্যকর্মীরা।
বৃহস্পতিবার থেকে বালুরঘাট নাট্যমন্দিরে করা হয়েছে তিন দিন ব্যাপী স্কুল ড্রামা ফেস্টিভ্যাল। নবপ্রজন্মকে নাট্যচর্চার সঙ্গে পরিচয় করানোই এই উৎসবের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন উদ্যোক্তারা। শুধু মঞ্চে অভিনয় নয়, নাটক দেখার অভ্যাসও তৈরি করতে চাইছেন তাঁরা।
শহরের নাট্যকর্মীদের সূত্রে জানা গিয়েছে, ১৯৭০ থেকে ১৯৯০ পর্যন্ত ১২-১৫টি নাটকের দল ছিল বালুরঘাটে। বর্তমানে সেই সংখ্যা বেড়ে ১৮-২০-তে পৌঁছেছে। দলের সংখ্যা বাড়লেও আগে যেখানে প্রতিটি দলে গড়ে চার-ছ’জন কিশোর-তরুণ থাকতেন, বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে এক থেকে তিনে। নাট্যকর্মীরা জানাচ্ছেন, অনেককে ডেকে এনে কয়েকদিন রিহার্সাল করিয়ে নাটকের শো হলেও বেশিদিন টিকিয়ে রাখা যাচ্ছে না। বালুরঘাটের প্রবীণ নাট্যকর্মী কমল দাস বলছেন, ‘যে ভাবে দল বাড়ার কথা সেটাও কিন্তু হয়নি। তবে আগের তুলনায় দল বেড়েছে। তবে নতুনদের নিয়ে আসা হলেও তাঁদের ধরে রাখা যাচ্ছে না। আগে যেমন চাকরির পাশাপাশি নাটক করতাম। এখন সেই সুযোগ নেই।’
নাট্যকর্মীদের মতে, পাঠ্যবই, মোবাইল কিংবা ল্যাপটপের বাইরেও যে একটা বড় জগৎ আছে, সেখানে নাট্যশিল্প রয়েছে, তার সঙ্গে ছোট থেকেই পড়ুয়াদের পরিচয় করানো জরুরি। এই উৎসবে শহর এবং শহরতলির মোট ১২টি স্কুল অংশ নিয়েছে। প্রাথমিক থেকে উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা এখানে নাটক মঞ্চস্থ করছে। সব মিলিয়ে প্রায় ২৫০ জন পড়ুয়ার অভিনয়ে জমে উঠেছে স্কুল ড্রামা ফেস্টিভ্যাল। যদিও এই ফেস্টিভ্যাল আয়োজন করা হচ্ছে ২০১৪ থেকে। ২০১৭-র বন্যা এবং ২০২০ ও ২০২১-এ করোনা পরিস্থিতির কারণে তিন বছর বন্ধ রাখতে হয়েছিল উৎসব। তবে এ বারের উৎসবে যেন ছোটদের নাট্যচর্চার মধ্যে বেশি করে নিয়ে আসার তাগিদ অন্যবারের চেয়ে বেশি।
বালুরঘাটের নাট্যকর্মী সংস্থার সম্পাদক অমিত সাহা বলছেন, ‘নাটক করা এবং দেখা দুটোই জরুরি। নবপ্রজন্ম যাতে যাতে দুইই অভ্যাস করে, সেটার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এতে নতুন দর্শকও যেমন তৈরি হবে, পাশাপাশি উঠে আসবে ভবিষ্যতের নাট্যকর্মীও।’ তিনি আরও বলেন, ‘স্মার্টফোনে বুদ হয়ে থাকা কিশোর-কিশোরীদের নাটকের প্রতি আগ্রহী করে তোলাও আমাদের ফেস্টিভ্যালের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য।’