৪৩ ডিগ্রি গরম, ২৮০ মিমি বৃষ্টি, স্পষ্ট আবহাওয়ার চরম বৈপরীত্য
এই সময়: এক দিকে প্রবল বৃষ্টি, অন্য দিকে সেপ্টেম্বরের শেষেও দিনের তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি। বর্ষা বিদায়ে গোটা দেশে এমনই পরস্পরবিরোধী ছবি।২৪ সেপ্টেম্বর রাজস্থানের জয়সলমেরে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪৩.২ ডিগ্রি। পিছিয়ে ছিল না বিকানির (৪১.৬) এবং যোধপুরও (৪১.৭)। অথচ একই সময়ে মধ্য, পূর্ব ও দক্ষিণ ভারতের আকাশে মেঘের চাদর, কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি। ২৪ সেপ্টেম্বরই অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ২৮০ মিলিমিটার এবং ওডিশার শিমলিগুড়ায় ১৯৩.৯ মিমি বৃষ্টি রেকর্ড হয়েছে। ২৩ ও ২৪ সেপ্টেম্বর মিলিয়ে কলকাতায় বৃষ্টির পরিমাণ ১১৫ মিলিমিটারের বেশি। এই বৈপরীত্য স্পষ্ট হয়েছে ইসরোর ইনস্যাট–থ্রিডিএস উপগ্রহের ছবিতেও।
এই মেঘের অন্যতম কারণ অন্ধ্রপ্রদেশের উত্তর–পূর্ব ও সংলগ্ন ওডিশার দক্ষিণ–পশ্চিমাংশের উপরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ। ২৪ সেপ্টেম্বর সেটি সমুদ্র ছেড়ে দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করেছিল। ওডিশা, ছত্তিসগড় ছাড়াও বৃষ্টি পেয়েছে দক্ষিণবঙ্গ। গভীর নিম্নচাপটি এখন দুর্বল হলেও তার ঘূর্ণাবর্ত মধ্য ভারতের বিভিন্ন অংশে আরও বৃষ্টি আনতে পারে। ফলে বর্ষার শেষেও মধ্য ও পূর্ব ভারতে বৃষ্টির দাপট অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
উত্তর-পশ্চিম ভারতে ছবিটা একেবারেই আলাদা। সেখানে বর্ষা সরে যাওয়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হচ্ছে। ইন্ডিয়া মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি)-র তথ্য অনুযায়ী, বর্ষার প্রত্যাহাররেখা জয়সলমের, নাগৌর, শিকার, রোহতক, পাতিয়ালা ও গুরুদাসপুরের উপর দিয়ে বিস্তৃত হয়েছে। আগামীতে পাঞ্জাব, হরিয়ানা-দিল্লি, রাজস্থান, সৌরাষ্ট্র-কচ্ছ, জম্মু-কাশ্মীর, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড এবং পশ্চিম উত্তরপ্রদেশের আরও অংশ থেকে বর্ষা সরে যাওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
আর বর্ষার মেঘ সরে যাওয়ার সঙ্গে দিনের তাপমাত্রা বৃদ্ধির সরাসরি সম্পর্ক রয়েছে। জয়সলমেরের তাপমাত্রা তারই প্রত্যক্ষ প্রমাণ।