BJP-র টিকিটের অফার? জ্ঞানেশের বিরুদ্ধে অভিযোগ তুললেন কেরালার প্রাক্তন মুখ্যসচিব - 24 Ghanta Bangla News
Home

BJP-র টিকিটের অফার? জ্ঞানেশের বিরুদ্ধে অভিযোগ তুললেন কেরালার প্রাক্তন মুখ্যসচিব

Spread the love

SIR সংক্রান্ত কাজে তিন নির্বাচন কমিশনারের মতবিরোধ সংক্রান্ত অভিযোগের মাঝেই মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়ে নতুন এক অভিযোগ সামনে আনলেন কেরালার প্রাক্তন মুখ্যসচিব জিজি থমসন। তিনি সংবাদমাধ্যমে দাবি করেছেন, জ্ঞানেশ কুমার তাঁকে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (BJP) টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব দিয়েছিলেন। কেরালার প্রাক্তন মুখ্যসচিবের এই মন্তব্যে শুরু হয়েছে বিতর্ক। যদিও এই দাবি নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার কোনও প্রতিক্রিয়া দেননি বলে খবর।

থমসনের বক্তব্য অনুযায়ী, ২০১৬ সালে একটি বিমানযাত্রার সময় তৎকালীন আইএএস (IAS) অফিসার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ হয়। সেই সময়ে কথার মাঝে অবসর গ্রহণের পর তাঁর কী পরিকল্পনা রয়েছে তা জানতে চান জ্ঞানেশ কুমার। থমসন জানান, তিনি শিশুদের জন্য একটি প্রকল্পে কাজ করতে চান। তবে জ্ঞানেশ কুমার তাঁকে কেরলের একটি আসন থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করার পরামর্শ দেন। যদিও থমসনের দাবি, তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।

জিজি থমসনের এই বক্তব্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় নানা বিতর্ক তৈরি হয়েছে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এক্স হ্যান্ডলে লেখেন, ‘প্রথমে চাকরিরত আইএএস অফিসার থাকা অবস্থায় জ্ঞানেশ কুমারকে বিজেপির প্রার্থী সংগ্রহের কাজে ব্যবহার করা হয়েছিল। তারপর মোদী ও শাহ তাঁকে আম্পায়ার বানিয়ে ভারতের নির্বাচনে ‘ম্যাচ ফিক্সিং’-এর দায়িত্বে বসিয়েছেন।

বিষয়টি নিয়ে সমাজমাধ্যমে সরব হয়েছেন ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকেও। তিনি লেখেন, ‘ইনি দেশে অবাধ ও পক্ষপাতহীন ভোট করাবেন?’

সম্প্রতি, ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছিল, ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের আগস্টের মধ্যে ভোটার তালিকা সংক্রান্ত একাধিক ইস্যুতে কমিশনের দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী অন্তত ১৪ বার আপত্তি নথিভুক্ত করেছেন। সেই রিপোর্ট নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। যদিও নির্বাচন কমিশন এই বিতর্কের জবাবে জানিয়েছে, ৩ সদস্যের প্যানেলে মতপার্থক্য হওয়া স্বাভাবিক এবং এসআইআর (SIR) সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমেই গৃহীত হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *