মূর্তি সেতুর উদ্বোধন, পাহাড়ে শুভেন্দুকে আমন্ত্রণ গুরুংদের
এই সময়, চালসা: দীর্ঘ চার বছরের অপেক্ষার অবসান। অবশেষে খোলা হলো ডুয়ার্সের অন্যতম পরিচিত পর্যটনকেন্দ্র মূর্তি নদীর উপর নির্মিত নতুন সেতু। মঙ্গলবার সেতুটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুজোর মুখে এই সেতু খুলে যাওয়ায় পর্যটকদের সংখ্যা বাড়বে বলে আশাবাদী পর্যটন ব্যবসায়ীরা। মঙ্গলবার হেলিকপ্টারে করে টিয়াবনে নামার পর সড়কপথে উত্তর ধূপঝোড়া-মূর্তি পর্যটনকেন্দ্র এলাকায় পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে প্রথমে মূর্তি নদীর ফলকের উন্মোচন করেন তিনি। এরপর ফিতা কেটে সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
শুভেন্দু জানান, এই সেতু তৈরিতে ১৯ কোটি ৭৮ লক্ষ টাকা খরচ হয়েছে। তিনি বলেন, ‘গত বছর দার্জিলিংয়ের পাহাড়ে যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল, তাতে কালিম্পংয়ের একটি সেতু ভেসে গিয়েছিল। সেই সেতুটির কাজও আমরা দ্রুত শুরু করে দেব।’ চায়ের জন্যে কেন্দ্রের বিশেষ আর্থিক প্যাকেজ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর পাচ্ছে। তা দিয়ে চা শিল্পের উন্নতি হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
মূর্তি থেকে যখন তিনি ফের হেলিপ্যাডে আলিপুরদুয়ারের উদ্দেশে যাত্রা করবেন ঠিক সেই মুহূর্তে বিমল গুরুং, রোশন গিরিরা তাঁর সঙ্গে দেখা করেন। বিমল চালসার হেলিপ্যাডে শুভেন্দুকে শুভেচ্ছা জানিয়ে তাঁর দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। পরে বিমল বলেন, ‘আগামী ৭ অক্টোবর দার্জিলিঙে গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিষ্ঠা দিবস উৎসব আয়োজন হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ করেছি। তিনি আসবেন বলে জানিয়েছেন।’