কড়া পদক্ষেপ নয় মিলনের বকেয়া মামলায়: রাজ্য
এই সময়: রাজ্য সরকারের আশ্বাসে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের ধৃত কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের মামলা নিয়ে আর এগোল না কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে রাজ্যের আশ্বাস, আপাতত বকেয়া কোনও মামলায় মিলনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে না পুলিশ।
আপাতত পাঁচটি মামলায় জেল হেফাজতে রয়েছেন মিলন। তাঁর আইনজীবী জানিয়েছেন, ওই মামলাগুলিতে পৃথক ভাবে জামিনের আবেদন করবেন তাঁরা। মামলাটি নিষ্পত্তি করতে চেয়েছিল রাজ্য। তবে আদালত তা না করে আগামী ১২ অক্টোবর ফের শুনানির দিন রেখেছে।
মঙ্গলবার এই মামলায় আদালতের মন্তব্য, ‘যদি তিনি (মিলন) জামিন পান, তা হলে আপত্তি কীসের? তাঁকে ভোটে লড়তে দেওয়া হোক।’ ২০০৭–এ নন্দীগ্রাম-কাণ্ডের পুরোনো মামলায় গ্রেপ্তারির সময় নিয়ে প্রশ্ন তুলে আদালতে যান মিলন। তাঁর আইনজীবী জানান, ৬ অক্টোবর উপনির্বাচন, ৪ অক্টোবর প্রচার শেষ এবং ৯ অক্টোবর গণনা।
অথচ ২০০৭–এর একটি মামলায় গত ১৮ সেপ্টেম্বর পরোয়ানা কার্যকর করা হয়েছে। আইনজীবীর বক্তব্য, নির্বাচনের আগে এ ভাবে পুরোনো মামলায় পদক্ষেপের সময় নিয়ে প্রশ্ন রয়েছে। রাজ্যের তরফে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার জানান, মিলনের বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে। তার মধ্যে পাঁচটিতে তিনি ধৃত। বাকি ছ’টির মধ্যে পাঁচটি আগের সরকার প্রত্যাহার করেছিল এবং ওই মামলাগুলিতে মিলনকে আর অভিযুক্ত হিসেবে চাওয়া হচ্ছে না।