নেই বিদ্যুৎ, কষ্ট করেই কাটছে জীবন, লন্ডনের কন্যা ক্যাটরিনার মা এখন কোথায় থাকেন জানেন?
কন্যা বলিউডের অন্যতম সফল অভিনেত্রী। তবে মায়ের জীবন একেবারেই সাদাসিধে, অন্যরকম। মেয়ে যখন জনপ্রিয়তার শীর্ষে, তখন সুজ়ান বেছে নিয়েছেন অত্যন্ত সাধারণ জীবন। তামিলনাড়ুর প্রত্যন্ত এলাকায় সমাজসেবা, শিক্ষা এবং আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের শিশুদের জন্য কাজ করেন ক্যাটরিনার মা। এমনই একটা জায়গায় তিনি থাকেন, যেখানে দিনের বেশিরভাগ সময়ে বিদ্যুৎ থাকে না।
একটা সময়ে লন্ডনে থাকতেন সুজ়ান। ২০০৮ সালে তামিলনাড়ু চলে আসেন তিনি। এর পরেই গ্রামাঞ্চলের শিশুদের উন্নতির জন্য স্বেচ্ছাসেবী সংস্থা গড়ে তোলেন। বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা থেকে শিশুদের স্বাস্থ্যের সুরক্ষার জন্যও কাজ শুরু করে সংস্থাটি। ২০১৫ সালে তিনি তৈরি করেছিলেন ‘মাউন্টেন ভিউ স্কুল’। ৩০ জনেরও কম শিশুকে নিয়ে শুরু হয়েছিল স্কুলটি। এখন যেখানে প্রায় ৩০০-রও বেশি পড়ুয়া রয়েছে।
ক্যাটরিনা একটি সাক্ষাৎকারে একবার তুলে ধরেছিলেন তাঁর মায়ের জীবনের স্ট্রাগলের কথা। অভিনেত্রী বলেন, ‘মাদুরাইয়ের একটি স্কুলে শিক্ষকতা করেন তাঁর মা। আট ভাইবোনকে খুব কষ্ট করেই মানুষ করেছেন মা। তাঁর জন্যই এই জায়গায় পৌঁছাতে পেরেছি।’
অভিনেত্রী জানান, মা যেখানে থাকেন খুব কঠিন সেখানে বাস করা। বিদ্যুৎ পাওয়া যায় না। ইন্টারনেটও থাকে না। সাধারণ ফোনেই কথা বলতে হয়। এসিও নেই। দীর্ঘ বছর সেই পরিস্থিতির মধ্যেই কাটিয়েছেন সুজ়ান।