Rani Mukerji: মাকে হারালেন রানি, প্রয়াত কৃষ্ণা মুখোপাধ্যায় | rani mukerji mother krishna mukerji passes away
মাকে হারালেন বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ৭৫ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন রানির মা কৃষ্ণা মুখোপাধ্যায়। প্রযোজনা সংস্থা ‘যশ রাজ ফিল্মস’-এর পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে খবরটি নিশ্চিত করা হয়েছে। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।
সংস্থার তরফ থেকে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, “অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা জানাচ্ছি যে রানির মা কৃষ্ণা মুখোপাধ্যায় আজ দুপুরে প্রয়াত হয়েছেন। এই কঠিন সময়ে আপনাদের ভালোবাসা, প্রার্থনা ও সমর্থনের জন্য মুখোপাধ্যায় পরিবার আন্তরিকভাবে কৃতজ্ঞ। শোকাহত পরিবার এই মুহূর্তে সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছে।”

রানি মুখোপাধ্যায়ের সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানে মায়ের উপস্থিতি ছিল নিয়মিত। প্রতিবারই দুর্গাপুজোর সময় মুখোপাধ্যায় বাড়ির দুর্গাপুজোয় দেখা যেত তাঁকে। মেয়ের জীবনের প্রতিটি ধাপে তিনি ছিলেন ছায়ার মতো। বিভিন্ন সাক্ষাৎকারে রানিও বারবার তুলে ধরেছেন মায়ের সঙ্গে তাঁর গভীর ও অটুট সম্পর্কের কথা।