খাবারের মানচিত্র বদলের আড্ডায় চন্দ্রিল-ঋদ্ধিরা - 24 Ghanta Bangla News
Home

খাবারের মানচিত্র বদলের আড্ডায় চন্দ্রিল-ঋদ্ধিরা

Spread the love

‘রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দি দু’জনে/ রুদ্ধশ্বাস কত প্রতীক্ষার…,’ নয়ের দশকে লিখেছিলেন অঞ্জন দত্ত। ‘বেলা বোস’ গানে বর্ণিত সেই কেবিনেই এককালে রোম্যান্স খুঁজত বাঙালি। সম্ভবত চিনা সংস্কৃতি থেকে আমদানি হওয়া কলকাতার সেই সব কেবিনশোভিত রেস্তোরাঁ এখন ধূসর অতীত। তার বদলে এখন শহরের উত্তর-দক্ষিণের অলিগলিতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে সিলিং-এ নকল কড়ি-বরগা আঁকা ঝাঁ-চকচকে ক্যাফে।

বাঙালি জীবনের এই মেটামরফোসিস নিয়ে সম্প্রতি জমাটি আড্ডার আসর বসেছিল পার্ক স্ট্রিটের একটি রেস্তোরাঁয়। অনুষ্ঠানে পুরোনো প্রজন্মের হয়ে অংশ নিয়েছিলেন চন্দ্রিল ভট্টাচার্য, অনুপম রায় আর ঋতাভরী চক্রবর্তীরা। আর নতুন প্রজন্মের হয়ে উপস্থিত ছিলেন ঋদ্ধি সেন। উপলক্ষ অবশ্য ছিল অন্য। শহরের নামকরা রেস্তোরাঁর মালিক তথা সঙ্গীতশিল্পী দেবাদিত্য চৌধুরীর বই ‘স্ট্রিক্টলি ডিলিশিয়াস’-এর প্রকাশ। কথায়-কথায় লেখক জানান, ‘আমার মনে হয় সারা পৃথিবীর যত শ্রেষ্ঠ খাবার, সেগুলো সব অনামী ছোট-ছোট দোকানেই পাওয়া যায়। সেই সব অমূল্য রত্ন খুঁজে বার করে আমি এই বইয়ে লিখেছি।’

আড্ডায় অংশ নিয়েছিলেন চন্দ্রিল ভট্টাচার্য, অনুপম রায়, ঋতাভরী চক্রবর্তী এবং ঋদ্ধি সেন।

দেবাদিত্যের বইয়ে থাকা সেই সব লুপ্তপ্রায় রেস্তোরাঁর সূত্রেই আলোচনায় এসে পড়েছিল কলকাতার সেই আলোছায়া কেবিনের কথা। চন্দ্রিল বলছিলেন, ‘আগে কেউ দেখা করতে চাইলে আমরা বলতাম বাড়িতে চলে এসো। একান্ত বাড়িতে না ডাকতে চাইলে পাড়ার মোড়ে। কারণ তখন পয়সা খরচ করে কারও সঙ্গে কথা বলা কিংবা দেখা করতে যাওয়ার চল ছিল না। এখন তো কোনও উপায় নেই। সমস্ত মিটিং ক্যাফেতেই হয়।’

মিত্র ক্যাফে

অনুপমের কথায়, ‘আমি ইঞ্জিনিয়ারিং শেষ করে ছ’বছর কলকাতার বাইরে ছিলাম। সেই সময়েই নানা ধরনের বই পড়ে এমন সব জায়গার সন্ধান পেয়েছি, যেগুলো আমার একেবারেই অজানা ছিল। ‘প্যারামাউন্ট’-এর শরবত থেকে ‘নীলাচল’-এর মাছের কচুরি, ‘কুসুম’-এর রোল— সবই আবিষ্কার করে ছিলাম সেই সময়ে।’

নানা ধরনের খাবার

ক্যাফে কালচারের উত্থান জেন জ়ি-দের হাতে। এমন ধারণা রয়েছে তুলনায় পুরোনো প্রজন্মের। প্রেম-বিরহ-বন্ধুত্ব সবের সঙ্গেই একটা ক্যাফে জুড়ে দেয় নতুন প্রজন্মের ছেলেমেয়েরা। অভিনেতা ঋদ্ধি সেনের অভিজ্ঞতা একটু অন্য রকম। তাঁর বক্তব্য, ‘জেন জ়ি-দের সকলে এ রকম নন। আমি কিন্তু ক্যাফেতে গিয়ে কাকু-কাকিমা জেনারেশন-এর লোকজনকেই বেশি দেখি। তরুণ প্রজন্মের মধ্যে বরং অনলাইনে খাবার অর্ডার করার প্রবণতা বেশি।’

গৌরব চট্টোপাধ্যায়ের (গাবু) কণ্ঠে মহীনের ঘোড়াগুলি-র বিখ্যাত গান ‘আমার প্রিয়া ক্যাফে’ শুনতে শুনতেই উঠে এলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ক্যান্টিনে খাওয়াদাওয়ার বিভিন্ন স্মৃতি। নতুন কিছু আসছে বলে পুরোনোকে মুছে যেতে হবে এমন কোনও কিছুতেই বিশ্বাসী নন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। তাঁর মত, হাল ফ্যাশনের ক্যাফে, প্রাইভেট ডাইনিং এরিয়া আর পুরোনো কেবিন— সবই থাকুক। ঋতাভরীকে যদি কোনও একটি বেছে নিতে বলা হয়, তখন? তাঁর বক্তব্য, ‘জায়গাটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। খাবার আর সঙ্গ বেশি ম্যাটার করে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *