রাস্তার উপরেই নার্সকে ধারালো অস্ত্রের কোপ, ছোড়া হলো অ্যাসিড, ভয়ঙ্কর ঘটনায় আতঙ্ক - 24 Ghanta Bangla News
Home

রাস্তার উপরেই নার্সকে ধারালো অস্ত্রের কোপ, ছোড়া হলো অ্যাসিড, ভয়ঙ্কর ঘটনায় আতঙ্ক

Spread the love

রাস্তার উপরে এক নার্সকে একের পর এক ধারালো অস্ত্রের কোপ। ছোড়া হলো অ্যাসিড। ভয়ঙ্কর ঘটনা বেঙ্গালুরুতে। আক্রান্তের নাম মধুমিতা। জানা গিয়েছে, তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা। বেঙ্গালুরুর জেপি নগরের একটি বেসরকারি ক্লিনিকে নার্স হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে। এই ঘটনায় মহিলার স্বামী ভেঙ্কটেশকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, আক্রান্ত নার্স সকাল প্রায় ৯টা ১৫ মিনিট নাগাদ ক্লিনিক থেকে ব্রেকফাস্ট করতে বেরিয়েছিলেন। অভিযোগ, সেই সময়ে তাঁর স্বামী ভেঙ্কটেশ কিছুক্ষণ তাঁকে ধাওয়া করেন। মধুমিতা পালিয়ে ক্লিনিকের পার্কিং এলাকার দিকে যাওয়ার চেষ্টা করেন। সেখানেই অভিযুক্ত তাঁকে ধরে ফেলেন বলে পুলিশের দাবি।

পুলিশের ধারণা, ভেঙ্কটেশের কাছে আগে থেকেই একটি ধারালো অস্ত্র ও অ্যাসিড ছিল। স্ত্রীকে রাস্তার উপরেই ওই অস্ত্র দিয়ে আঘাত করা হয়। তাঁর দিকে অ্যাসিড ছুড়ে মারা হয়। রাস্তার উপরেই এই ঘটনা দেখে হতচকিত হয়ে যান অনেকেই। কয়েকজন স্থানীয় বাসিন্দা ও ওই ক্লিনিকের কয়েকজন কর্মী মধুমিতাকে বাঁচানোর চেষ্টা করেন। অভিযুক্ত সেই ব্যক্তিদেরও অস্ত্র দেখিয়ে ভয় দেখান বলে অভিযোগ। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে যায় কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ সাব-ইনস্পেক্টর। ততক্ষণে অভিযুক্ত পালানোর চেষ্টা করছিলেন। সেই সময়ে ওই পুলিশকর্মী তাঁকে আটক করেন। পুলিশ তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। ঘটনার কিছু ভিডিয়োও তদন্তকারীদের হাতে এসেছে।

পুলিশ জানিয়েছে, মধুমিতা এবং ভেঙ্কটেশের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ ছিল। তাঁরা প্রায় এক বছর ধরে আলাদা থাকছিলেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, মধুমিতা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং ভেঙ্কটেশ তামিলনাড়ুর মাদুরাইয়ের বাসিন্দা। তাঁদের বিয়ে হয়েছিল ২০২৩ সালে। পুলিশ জানিয়েছে, দাম্পত্য বিবাদের জেরেই তাঁরা আলাদা থাকছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *