উধমপুরে নিরাপত্তাবাহিনীর এনকাউন্টারে খতম ২ জঙ্গি, উদ্ধার অস্ত্র ও গুলি
জম্মু-কাশ্মীরের উধমপুরে বুধবার গভীর রাতে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম দুই জঙ্গি। সোহান এলাকায় এই এনকাউন্টার হয়। নিহত দু’জন পাক জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদ (JeM)-এর সদস্য বলে প্রাথমিক ভাবে মনে করছে সেনাবাহিনী। তাদের পরিচয় এখনও নিশ্চিত জানা যায়নি। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে।
সূত্রের খবর, উধমপুরের সোহান এলাকায় সন্দেহজনক কয়েকজনের গতিবিধি নজরে আসার পরে বুধবার সন্ধ্যায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। গোয়েন্দা সূত্রে এলাকায় জঙ্গিদের গতিবিধির খবর পাওয়ার পরেই শুরু হয় সার্চ অপারেশন। এলাকা ঘিরে তল্লাশি চালানোর সময়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের মুখোমুখি সংঘর্ষ বাধে। শুরু হয় তুমুল গুলির লড়াই।
অন্ধকারের মধ্যেই দীর্ঘ সময় ধরে দু’পক্ষের মধ্যে গুলি চলে। গভীর রাতে দুই জঙ্গি নিহত হয়েছে বলে নিশ্চিত করে নিরাপত্তাবাহিনী। ভোরের দিকে এনকাউন্টারস্থল থেকে তাঁদের দেহ উদ্ধার করা হয়। সূত্রের খবর, মৃত দু’জনই বিদেশি জঙ্গি, এবং তাঁদের জৈশ-ই-মহম্মদের সঙ্গে যোগ থাকার সম্ভাবনা রয়েছে। তবে তাঁদের পরিচয় ও সংগঠনের সঙ্গে যোগ সম্পর্কে এখনও স্পষ্ট তথ্য মেলেনি।