নজর লাগার ভয়ে নয়, নিজেদের স্বার্থেই সম্পর্কের ৫ গোপন কথা বন্ধুদের কানে তোলা অনুচিত
বন্ধুমহলে মন খুলে কথা বলাই যায়। বিশেষ করে বন্ধু-দম্পতিদের মধ্যে এই বিষয়টা খুবই সাধারণ। নিজেদের সুখ-দুঃখ, ব্যক্তিগত সম্পর্কের রসায়ন, পছন্দ-অপছন্দ ভাগ করে নেওয়ার মধ্যে আপাত দৃষ্টিতে অন্যায়ের তেমন কিছু নেই। তবে অনেক সময় দেখা যায়, কথা বলতে বলতে সম্পর্কের এমন কিছু বিষয় আমরা বন্ধুদের সঙ্গে আলোচনা করে ফেলি, যেগুলো থেকে পরবর্তীকালে সমস্যা হলেও হতে পারে।
মনোবিদরা বলছেন, শেষ রাতের ঝগড়া থেকে সঙ্গীর খামখেয়ালি আচরণ— এমন ব্যক্তিগত বিষয়ে বন্ধুর কাছ থেকে পরামর্শ চাওয়া স্বাভাবিক হলেও, সম্পর্কের একটি নিজস্ব সীমা থাকা জরুরি। আপনাদের সম্পর্কের অনেক বিষয়ই কেবল আপনাদের দু’জনের মধ্যেই থাকা উচিত। সম্পর্কের কোন ৫ বিষয় প্রিয় বন্ধু বা কাছের মানুষদের থেকে গোপন রাখা উচিত, জানেন?
১. ঝগড়া বা তর্কের পুঙ্খানুপুঙ্খ বিবরণ
সম্পর্কে মতবিরোধ হওয়া স্বাভাবিক। কিন্তু ঝগড়ার সময় সঙ্গী কী কী বলেছেন, তিনি কতটা রেগে গিয়েছিলেন— তার প্রতিটি শব্দ বন্ধুদের কাছে হুবহু প্রকাশ করা ক্ষতিকর। কারণ, আপনি হয়তো পরের দিন সঙ্গীকে ক্ষমা করে সবকিছু ভুলে এক হয়ে যাবেন, কিন্তু আপনার বন্ধুটি আপনার সঙ্গীর সেই খারাপ রূপটাই মনে রাখবে। পরবর্তীকালে আপনার সঙ্গী এবং সেই বন্ধুদের মুখোমুখি হলে পরিস্থিতি অস্বস্তিকর হয়ে উঠতে পারে।
২. সঙ্গীর ব্যক্তিগত দুর্বলতা ও ইনসিকিউরিটি
সঙ্গী আপনাকে নিজের কেরিয়ার, পরিবার, অতীত, শরীর বা আর্থিক বিষয় নিয়ে এমন কোনও কথা বলতে পারেন, যা তিনি অন্য কাউকে বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। এটি তাঁর বিশ্বাসের সবচেয়ে বড় নিদর্শন। গল্পটি বন্ধুকে বলার আগে নিজেকে প্রশ্ন করুন—সঙ্গী পাশে থাকলে কি তিনি এটি শুনে স্বাচ্ছন্দ্য বোধ করতেন? উত্তর যদি ‘না’ হয়, তবে সেই গোপন দুর্বলতার কথা হাসির ছলে বন্ধুদের সঙ্গে শেয়ার না করাই শ্রেয়।
৩. দাম্পত্যের একান্ত ব্যক্তিগত মুহূর্ত ও অভ্যাস
সম্পর্কের এমন কিছু বিশেষ মুহূর্ত, খুনসুটি, বা একান্ত ব্যক্তিগত স্মৃতি থাকে যা কেবল দু’জন মানুষের অভিজ্ঞতার অংশ। রাতে খাবারের টেবিলে বন্ধুদের সঙ্গে এই ব্যক্তিগত কথাগুলো আলোচনা করলে আপনার সঙ্গীর সম্মানে আঘাত লাগতে পারে। সম্পর্কের অনুভূতি বা সম্পর্কের গভীরতার কথা বলা এক জিনিস, কিন্তু সেই গভীর মুহূর্তের গোপন তথ্য তুলে ধরা সম্পূর্ণ ভিন্ন বিষয়।
৪. পারিবারিক ঝামেলা, বিবাদ
পারিবারিক ফোন কলের পর বা নিজের মা-বাবা-ভাইবোনকে নিয়ে ক্ষোভের মুখে সঙ্গী আপনার কাছে কোনও কথা বলতে পারেন। সাময়িক রাগের মাথায় বলা সেই কথাকে পাবলিক প্রপার্টি বানাবেন না। মানুষ রাগের মাথায় পরিবারকে নিয়ে অনেক কথা বললেও পরের দিনই আবার সম্পর্ক স্বাভাবিক হয়ে যায়। কিন্তু আপনি বন্ধুদের তা জানালে, আপনার বন্ধুমহল সেই পরিবারের প্রতি একটি স্থায়ী নেতিবাচক ধারণা তৈরি করে ফেলে।
৫. সম্পর্কের ভবিষ্যৎ
বিবাহ, সন্তান, কেরিয়ার পরিবর্তন বা অন্য শহরে স্থানান্তরিত হওয়ার মতো সিদ্ধান্ত নেওয়ার আগে দম্পতিদের মধ্যে একাধিক আলোচনা হয়। এগুলো চূড়ান্ত সিদ্ধান্ত নয়, কেবল ভাবনা বিনিময় মাত্র। এই প্রাথমিক চিন্তাভাবনাগুলো বন্ধুদের জানালে তারা সেটিকে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ মনে করে মতামত বা প্রশ্ন করা শুরু করতে পারে। সঙ্গীর সঙ্গে নিজেরা খোলামেলা আলোচনা করে মত বদলানোর স্বাধীনতা থাকা প্রয়োজন, যা বন্ধুদের হস্তক্ষেপের কারণে জটিল হয়ে পড়ে।