হোটেল-লজের সুরক্ষায় কড়া বার্তা বিধাননগরেও, বৈঠকে পুলিশ–প্রশাসন - 24 Ghanta Bangla News
Home

হোটেল-লজের সুরক্ষায় কড়া বার্তা বিধাননগরেও, বৈঠকে পুলিশ–প্রশাসন

Spread the love

এই সময়: সল্টলেক, নিউ টাউন, বাগুইআটি, লেকটাউন, কেষ্টপুরের হোটেলগুলিতে নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে তৎপর বিধাননগর কমিশনারেট। সাম্প্রতিক সময়ে বীরভূমের তারাপীঠ ও কলকাতায় মির্জ়া গালিব স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডে মোট ১৮ জনের মৃত্যুর পরে এই ধরনের বিপর্যয়ের পুনরাবৃত্তি ঠেকাতে রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান চলছে।

এর মধ্যে সোমবার সল্টলেকের একটি প্রেক্ষাগৃহে হোটেল মালিকদের সঙ্গে বৈঠকে বসেছিল বিধাননগর কমিশনারেট। বৈঠকে প্রায় তিনশো জন হোটেল মালিক এবং বিভিন্ন স্টেকহোল্ডার অংশ নেন। এ দিনের বৈঠকে বিধাননগর পুরনিগম, দমকল বিভাগের অফিসাররাও হাজির ছিলেন।

মূলত তিনটি বিষয়ের উপরে এ দিন বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রথমত, হোটেল চালাতে কী লাইসেন্স প্রয়োজন এবং তার শর্তাবলি, যা পুঙ্খানুপুঙ্খ ভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ ও পুরনিগম সাফ জানিয়েছে, কোনও হোটেল আইন বা নিরাপত্তার নিয়ম লঙ্ঘন করলে লাইসেন্স বাতিল করা–সহ কড়া আইনি পদক্ষেপ করা হবে। দ্বিতীয়ত, সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জেরে হোটেলগুলির ফায়ার ও ইলেকট্রিক্যাল সেফটি নিয়েও কড়া সতর্কতা জারি করা হয়েছে।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় হোটেল কর্তৃপক্ষকে সব সময়ে প্রস্তুত থাকতে বলা হয়েছে। নিয়মিত মক ড্রিল করতেও বলা হয়েছে। তৃতীয়ত, বিদেশি অতিথিদের ক্ষেত্রে নজরদারির উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বৈঠকে। বাধ্যতামূলক ‘ফর্ম–৩’ পূরণের মাধ্যমে বিদেশি অতিথিদের সমস্ত তথ্য আইনসম্মত ভাবে দ্রুত জমা দেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ–প্রশাসন। হোটেলে সন্দেহজনক গতিবিধি দেখলে দ্রুত থানায় জানাতে বলা হয়েছে। এ ছাড়া হোটেল বা লজের অন্দরে অনৈতিক কার্যকলাপ বরদাস্ত করা হবে না এবং প্রমাণ মিললে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে মালিকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *