চালু হল 'মুখ্যমন্ত্রী কৃতি ক্রীড়াবিদ সম্মান যোজনা', - 24 Ghanta Bangla News
Home

চালু হল ‘মুখ্যমন্ত্রী কৃতি ক্রীড়াবিদ সম্মান যোজনা’,

Spread the love

কলকাতা: বাংলার প্রবীণ ও কৃতী ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা দিতে আগেই প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সরকার। বাজেটেই সেই সংক্রান্ত বড় ঘোষণা করা হয়েছিল। এবার আনুষ্ঠানিকভাবে ‘মুখ্যমন্ত্রী কৃতি…

কলকাতা: বাংলার প্রবীণ ও কৃতী ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা দিতে আগেই প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সরকার। বাজেটেই সেই সংক্রান্ত বড় ঘোষণা করা হয়েছিল। এবার আনুষ্ঠানিকভাবে ‘মুখ্যমন্ত্রী কৃতি ক্রীড়াবিদ সম্মান যোজনা’ শীর্ষক প্রকল্পের বিজ্ঞপ্তি জারি করা হলো। মঙ্গলবার সরকারিভাবে এই নির্দেশিকা প্রকাশ্যে আসতেই ক্রীড়ামহলে খুশির হাওয়া।

নতুন এই প্রকল্পের নিয়ম অনুযায়ী, যোগ্য বিবেচিত প্রবীণ অ্যাথলিটদের প্রতি মাসে ১০,০০০ টাকা করে আর্থিক সহায়তা বা মাসিক পেনশন প্রদান করা হবে। রাজ্যের ক্রীড়া দপ্তরের মাধ্যমে সম্পূর্ণ প্রক্রিয়াটি পরিচালিত হবে। পুরো বিষয়টি স্বচ্ছ রাখতে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিশেষ স্ক্রিনিং কমিটিও গঠন করা হয়েছে। ওই কমিটিতে অতিরিক্ত মুখ্যসচিব বা সচিব পদমর্যাদার আধিকারিকদের পাশাপাশি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI)-এর আঞ্চলিক অধিকর্তা, বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া কাউন্সিলের প্রতিনিধিরা সদস্য হিসেবে থাকবেন।

আবেদন করার শর্ত ও যোগ্যতার মাপকাঠি

এই মাসিক সাম্মানিক পেতে হলে আবেদনকারীকে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে। আবেদনকারীর বয়স ন্যূনতম ৪০ বছর হতে হবে এবং তাঁকে স্থায়ীভাবে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। জাতীয় স্তরে ন্যাশনাল গেমস বা সমমানের টুর্নামেন্টে বাংলার হয়ে পদক জয় করতে হবে। অথবা অলিম্পিক, বিশ্ব চ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস কিংবা প্যারা স্পোর্টসের মতো আন্তর্জাতিক মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করার গৌরব থাকতে হবে। কেন্দ্র বা রাজ্য সরকার, কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক কিংবা পাবলিক সেক্টর আন্ডারটেকিং (PSU)-এর সক্রিয় সরকারি চাকুরিজীবী হলে এই ভাতার জন্য আবেদন করা যাবে না।

আবেদন জমা দেওয়ার নিয়ম ও বার্ষিক প্রক্রিয়া

ইচ্ছুক যোগ্য প্রার্থীরা নিজ নিজ জেলার জেলাশাসক (DM)-এর দফতরে আবেদনপত্র জমা দিতে পারবেন। কলকাতার ক্ষেত্রে তা জমা দিতে হবে ক্রীড়া দফচরের যুগ্ম সচিবের কাছে। এছাড়া অনুদান প্রক্রিয়া চালু রাখতে প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে আবেদনকারীকে বাধ্যতামূলকভাবে ‘লাইফ সার্টিফিকেট’ বা জীবন প্রমাণপত্র জমা দিতে হবে। সব শর্ত যাচাই করে রাজ্য সরকারের তরফে এই সাম্মানিক সরাসরি ক্রীড়াবিদদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে।

Advertisements


   


   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *