Madhyamgram Fake Call Center: একদম টিপটপ সেজে রোজ আসতেন অফিসে, কিন্তু তলে তলে এইসব! দোলতলা থেকে ২৫ জনকে তুলল পুলিশ | 25 person arrested in madhyamgram doltala for running fake call center
মধ্যমগ্রাম: ঝাঁ-চকচকে বাড়ি। সেই বাড়ি থেকেই মুখ ঢাকা অবস্থায় বেরচ্ছেন একের পর যুবক-যবতী। পুলিশ পাকড়াও করেছে তাঁদের। একসঙ্গে ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কেন? ভুয়ো কলসেন্টার চালানোর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রামে দোলতলা সংলগ্ন কল সেন্টারে।
গোপন সূত্রে খবর পেয়ে দুপুর বারোটা নাগাদ মধ্যমগ্রাম থানা ও সাইবার পিএস যৌথ উদ্যোগে মধ্যমগ্রাম দোলতলা সংলগ্ন অ্যাসিওর মোটিভেশন নামে এক সংস্থায় হানা দেয়। তখনই সংশ্লিষ্ট অফিস থেকে উদ্ধার হয় ১৯ টি মোবাইল ফোন। একই সঙ্গে শতাধিক সিম কার্ড এবং একাধিক নথি ও নগদ তিরিশ হাজার টাকাও উদ্ধার হয়েছে। এই ঘটনায় মধ্যমগ্রাম থানা ও সাইবার পিএস মোট ২৫ জনকে গ্রেফতার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে আসা হলো বারাসত থানায়।
ভুয়ো কলসেন্টারের খবর পেলেই মাঝে মধ্যে হানা দেয় পুলিশ। সল্টলেক এবং সেক্টর ফাইভ (Sector V) এলাকায় সাম্প্রতিক সময়ে বিধাননগর কমিশনারেটের পুলিশ একাধিক ভুয়ো কল সেন্টারে অভিযান চালিয়ে বহু অভিযুক্তকে গ্রেফতার করেছে। এই চক্রগুলি মূলত বিদেশি নাগরিকদের (বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার বাসিন্দা) সফটওয়্যার বা টেকনিক্যাল সাপোর্টের (যেমন Microsoft বা Apple) প্রতিনিধি সেজে ফোন করত। কম্পিউটারে ভাইরাস আছে বা অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে ভয় দেখিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া হত। পরে বিধাননগর পুলিশ কমিশনারেট তল্লাশি চালিয়ে এই ধরনের কল সেন্টার বন্ধ করে দেয়। এই আবহের মধ্যে এবার মধ্যমগ্রামেও এই চক্রের হদিস।