ভুয়ো না তো? স্বাস্থ্য-প্রশাসনের স্ক্যানারে এ বার সব চিকিৎসক
রূপক মজুমদার, বর্ধমান
চার বছরের শিশু অরণ্য রায়ের ফাইমোসিস (পুরুষাঙ্গের সামনের আবরণ) অপারেশনে প্রাণ যাওয়ার ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে চিকিৎসকদের ‘প্রকৃত যোগ্যতা’ নিয়ে। মর্মান্তিক সেই মৃত্যুর পরে নড়েচড়ে বসেছে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরও।
সূত্রের খবর, পূর্ব বর্ধমানের সমস্ত বেসরকারি হাসপাতালের সঙ্গে চিকিৎসকদের যাবতীয় তথ্য নতুন করে খতিয়ে দেখা হবে। সব তথ্য আবার দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তাতে ‘ভুয়ো চিকিৎসক’ নিয়ে নতুন করে যে আতঙ্ক তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে, তা দূর করা সম্ভব বলে মনে করছে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তর।