AI ছবি বানাতে কত জল খরচ? একেকটি ছবিতে ২৯ মিলিলিটার
United Nations University-এর হিসাব অনুযায়ী, একটি সাধারণ AI ছবি তৈরিতে যতটা বিদ্যুৎ লাগে, তা দিয়ে ১০ ওয়াটের LED বাল্ব প্রায় ১৭ মিনিট জ্বালানো সম্ভব। একই সঙ্গে লাগে জলও।
আসলে AI দিয়ে তৈরি শুধু ছবি নয়, যে কোনও মডেল ব্যবহারে ডেটা সেন্টারে দরকার হয় প্রচুর পরিমাণ বিদ্যুতের। পাশাপাশি ডেটা সেন্টারগুলিতে যে বিপুল তাপ উৎপন্ন হয়, তা কুলিংয়ের জন্য দরকার হয় প্রচুর জল। এর ফলে মাত্র ১টি AI জেনারেটেড ইমেজ তৈরিতেই প্রায় ২৯ মিলিলিটার জল লেগে যায়। এই পরিমাণটি হয়তো আপাত দৃষ্টিতে খুব কম বলে মনে হলেও যখন একসঙ্গে প্রচুর ছবি বানানো হয়, তখন প্রচুর জল খরচ হয়ে যায়। UN-এর একটি রিপোর্টে বলা হয়েছে, AI মডেলের মোট শক্তি ব্যবহারের প্রায় ৮০–৯০ শতাংশই আসে দৈনন্দিন ব্যবহার থেকে।
তবে শুধু ছবি তৈরি নয়, AI ভিডিয়োর ক্ষেত্রে এই খরচ আরও বেশি। একটি জটিল AI ভিডিয়ো তৈরি করতে লাগে ১০ ওয়াট বিদ্যুৎ। যা দিয়ে একটি LED বাল্ব প্রায় ৪২ ঘণ্টা পর্যন্ত জ্বালানো যাবে। একটি রিপোর্ট অনুযায়ী, বিশ্ব জুড়ে ডেটা সেন্টার গত বছর প্রায় ৪৪৮ TWh বিদ্যুৎ ব্যবহার করেছে।