‘না পেলেই তো আঙুর ফল টক...’, রিয়্যালিটি শো নিয়ে জোর তরজা, কেন সুনিধিকে কটাক্ষ নেহার? - 24 Ghanta Bangla News
Home

‘না পেলেই তো আঙুর ফল টক…’, রিয়্যালিটি শো নিয়ে জোর তরজা, কেন সুনিধিকে কটাক্ষ নেহার?

Spread the love

তাঁদের দু’জনের ঝুলিতেই সুপারহিট গানের বন্যা। সুনিধি চৌহান ও নেহা কক্কর। দেশের গণ্ডি পেরিয়ে গোটা পৃথিবী শুনেছে তাঁদের কণ্ঠ। মাত্র ১৩ বছর বয়সে সঙ্গীত দুনিয়ায় হাতেখড়ি সুনিধি চৌহানের। তুলনায় কেরিয়ার অনেকটাই পরে শুরু করেছিলেন নেহা কক্কর। এ বার একটি রিয়্যালিটি শোয়ের মঞ্চে দুই জনপ্রিয় গায়িকার মধ্যে হয়েছে খানিক বাকবিতণ্ডা। এমনকী, সুনিধিকে ‘আঙুর ফল টক’ বলেও কটাক্ষ করেছেন নেহা।

ঠিক কী ঘটেছে নেহা ও সুনিধির মধ্যে? বহু জনপ্রিয় শোয়ের বিচারক হিসেবে এর আগেও দেখা গিয়েছে নেহা কক্করকে। শোয়ের বিভিন্ন মুহূর্ত ভাইরাল হতেই নেটিজ়েনরা নেহাকে ‘হাইভোল্টেজ় ড্রামা কুইন’ বলেও অভিহিত করেছেন। এ বার নাম উল্লেখ না করে নেহার ‘ড্রামা’ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন সুনিধি চৌহান।

সম্প্রতি, একটি পডকাস্টে তিনি দাবি করেন, ‘সমস্ত রিয়ালিটি শো স্ক্রিপ্টেড। সাজানো থাকে আগে থেকেই সব। অতিনাটকীয়তাই প্রাধান্য পায়। নির্মাতাদের নির্দেশেই টিআরপি-র জন্য দর্শকের আবেগ নিয়ে খেলা চলে। প্রতিযোগী ও বিচারকদের পারফর্ম্যান্সে অটোটিউনও ব্যবহার করা হয়। সেই জন্যই আমি রিয়্যালিটি শোয়ের বিচারকের আসনে থাকি না।’

সুনিধির এই মন্তব্য নজর এড়ায়নি নেহার। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, রিয়্যালিটি শো নিয়ে যা রটেছে, তা কি আদৌ সত্যি? সব কিছুই কি সাজানো? নেহার কথায়, ‘ছোট, বড় বিভিন্ন শহরের নানা প্রান্ত থেকে উঠে আসে প্রতিযোগীরা। তাঁদের অনেকের জীবনেরই নানা প্রতিকূল পরিস্থিতি থাকে। কারও কারও গল্প শুনে আবেগপ্রবণ হয়ে পড়াটাও স্বাভাবিক। আর টিআরপি বাড়ানোর কৌশল প্রসঙ্গে একটা কথা বলতেই হবে, আমি যে রিয়্যালিটি শোয়ে থেকেছি, তার টিআরপি এমনিই ভালো। ফলে যাঁরা কুৎসা করছে তাঁদের জন্য বলতে হয়, না পেলে আঙুর ফল টকই লাগে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *