লাদাখে গ্রামপ্রধানের আবেদনে বদল, ৯ কোটি লিটার হিমবাহের জলে সেচ - 24 Ghanta Bangla News
Home

লাদাখে গ্রামপ্রধানের আবেদনে বদল, ৯ কোটি লিটার হিমবাহের জলে সেচ

Spread the love

শ্রীনগর: লাদাখের (Ladakh) জলসংকট মোকাবিলায় বড় সাফল্য। প্রতিদিন প্রায় ৯ কোটি লিটার হিমবাহের গলিত জল এখন ১২টি গ্রামের ১,০০০ একরেরও বেশি শুকনো কৃষিজমিতে সেচের কাজে…

শ্রীনগর: লাদাখের (Ladakh) জলসংকট মোকাবিলায় বড় সাফল্য। প্রতিদিন প্রায় ৯ কোটি লিটার হিমবাহের গলিত জল এখন ১২টি গ্রামের ১,০০০ একরেরও বেশি শুকনো কৃষিজমিতে সেচের কাজে ব্যবহার করা হচ্ছে। লাদাখের লেফটেন্যান্ট গভর্নর বা এলজি ভি কে সাক্সেনার উদ্যোগে গত মাসে শুরু হওয়া এই প্রকল্পের ফলে এতদিন অব্যবহৃত অবস্থায় সিন্ধু নদীতে চলে যাওয়া বিপুল পরিমাণ জলকে কৃষিকাজে কাজে লাগানো সম্ভব হয়েছে।

স্টক গ্রামের নাল্লা থেকে জলকে ইগু-পেহ সেচ খালে নিয়ে আসা হয়েছে। এর জন্য বড় কোনও পরিকাঠামো বা বিপুল মূলধনের প্রয়োজন হয়নি। সাধারণ মাটির কাজ বা আর্থওয়ার্কের মাধ্যমে হিমবাহের জলকে খালের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

এই উদ্যোগের পিছনে ছিল এক গ্রামপ্রধানের আবেদন। আধিকারিকদের দেওয়া তথ্য অনুযায়ী, লেহর চুচোট গ্রামে সফরের সময় এলজি সাক্সেনার কাছে গ্রামের ‘গোবা’ বা ঐতিহ্যবাহী গ্রামপ্রধান মির্জা হুসেন এলাকার তীব্র জলসংকটের বিষয়টি তুলে ধরেন। তাঁর কাছে সমস্যার সমাধানে হস্তক্ষেপের আবেদন জানান তিনি।

Read More: মার্চে গ্রেফতার হওয়া ম্যাথু ভ্যানডাইক সহ ৬ ইউক্রেনিওর বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ চার্জশিট দাখিল করল NIA

Advertisements


   


   

এই আবেদনের পরই এলজি সাক্সেনা লাদাখের বিভিন্ন এলাকায় এমন জায়গা চিহ্নিত করার উদ্যোগ নেন, যেখানে বিপুল পরিমাণ হিমবাহ ও তুষারগলা জল কোনও কাজে না লেগে সরাসরি সিন্ধু নদীতে গিয়ে পড়ছে। অথচ সেই জলপ্রবাহের আশপাশেই কৃষিজমি জলের অভাবে শুকিয়ে রয়েছে।

সরকারের প্রাথমিক সমীক্ষায় স্টক গ্রামের নাল্লাকে এমনই একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত করা হয়। এই নাল্লায় স্টক কাংরি হিমবাহ থেকে জল আসে। দেখা যায়, বিপুল পরিমাণ জল কোনও সেচ ব্যবস্থায় ব্যবহার না হয়ে সরাসরি সিন্ধু নদীতে চলে যাচ্ছে।

আধিকারিকদের হিসাব অনুযায়ী, স্টক নাল্লায় জলের প্রবাহ ছিল প্রায় ৩৬ কিউসেক, অর্থাৎ ২৪ ঘণ্টায় আনুমানিক ৯ কোটি লিটার। এরপর দুটি চ্যানেল তৈরি করে প্রায় ৮ কোটি লিটার জল ইগু-পেহ খালের দিকে ঘুরিয়ে দেওয়া হয়।

Read More: পশ্চিমবঙ্গের সড়ক যোজনায় ১০৪২.৬২ কোটি অনুমোদন গড়কড়ির

এর মধ্যে প্রায় ৬.২ কোটি লিটার জল ইগু গ্রামের দিকে, অর্থাৎ খালের উজান অংশে পাঠানো হচ্ছে। আরও প্রায় ১.৮ কোটি লিটার জল পেহ গ্রামের দিকে, অর্থাৎ খালের ভাটির অংশে পৌঁছচ্ছে।

এর ফলে ইগু-পেহ খালে প্রতিদিনের মোট জলের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগে খালটিতে প্রায় ৫০ কিউসেক জল থাকত। এখন তা বেড়ে প্রায় ৯০ কিউসেক হয়েছে।

৪৩ কিলোমিটার দীর্ঘ এই ইগু-পেহ খালের উপর নির্ভরশীল ১২টি গ্রামে এর সরাসরি প্রভাব পড়েছে। আগে জলের পরিমাণ সীমিত থাকায় গ্রামগুলিতে নির্দিষ্ট রোস্টার অনুযায়ী জল সরবরাহ করতে হতো। নতুন জলপ্রবাহ যুক্ত হওয়ায় প্রতিদিন ওই ১২টি গ্রামে জল সরবরাহ নিশ্চিত করার সুযোগ তৈরি হয়েছে।

স্টক নাল্লার প্রায় ৯ কোটি লিটার জলের মধ্যে বাকি ১ কোটি লিটার জলও নষ্ট হতে দেওয়া হয়নি। সেটিকে চুচোট এলাকার আরও একটি শুকনো খালের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এর ফলে চুচোট এবং আশপাশের এলাকায় কৃষিজমিতে সেচের জন্য অতিরিক্ত জল পাওয়া যাবে।

Read More: ভারতে স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা নিয়ে আসতে চলেছে মাস্কের ষ্টারলিংক

এক আধিকারিকের দাবি, মাত্র দুই দিনের মধ্যেই কোনও বড় খরচ ছাড়াই পুরো ৯ কোটি লিটার জলকে কাজে লাগানোর ব্যবস্থা করা হয়েছে। তাঁর বক্তব্য, এর ফলে স্টক কাংরি হিমবাহ থেকে সিন্ধু নদীতে সরাসরি চলে যাওয়া জলের প্রবাহ কার্যত শূন্যে নামিয়ে আনা সম্ভব হয়েছে।

লাদাখের মতো শুষ্ক অঞ্চলে যেখানে কৃষিকাজের জন্য জলের জোগান বড় চ্যালেঞ্জ, সেখানে এই উদ্যোগকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এতদিন যে হিমবাহের জল কোনও কাজে না লেগে নদীতে চলে যাচ্ছিল, সাধারণ মাটির কাজের মাধ্যমে সেই জলকেই কৃষির জন্য ব্যবহার করা সম্ভব হয়েছে।

আধিকারিকদের মতে, এই প্রকল্প শুধু লাদাখের ১২টি গ্রামের জন্য নয়, গোটা কেন্দ্রশাসিত অঞ্চলের জল ব্যবস্থাপনার ক্ষেত্রেও একটি কার্যকর মডেল হয়ে উঠতে পারে। হিমবাহ ও তুষার গলার জলকে স্থানীয় প্রয়োজন অনুযায়ী সংরক্ষণ ও সেচে ব্যবহার করার মাধ্যমে জলসংকট মোকাবিলার নতুন পথ তৈরি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *