ইতিহাসের অপেক্ষা! তেভেজের বিদায়ী ম্যাচে একই দলে মেসি-রোনাল্ডো
কলকাতা: ফুটবলপ্রেমীদের জন্য আসতে চলেছে এক অবিশ্বাস্য মুহূর্ত। একই দলের হয়ে মাঠে দেখা যেতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। আর্জেন্টিনা ও…
কলকাতা: ফুটবলপ্রেমীদের জন্য আসতে চলেছে এক অবিশ্বাস্য মুহূর্ত। একই দলের হয়ে মাঠে দেখা যেতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। আর্জেন্টিনা ও পর্তুগালের এই দুই কিংবদন্তি একসঙ্গে খেলবেন কার্লোস তেভেজের (Carlos Tevez) বিদায়ী ম্যাচে।
বোকা জুনিয়র্সের অন্যতম আইকনিক ফুটবলার কার্লোস তেভেজ জানিয়েছেন, তাঁর বিদায়ী ম্যাচ অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার বিখ্যাত লা বোম্বোনেরা স্টেডিয়ামে। ম্যাচটি ২০২৬ সালের ডিসেম্বর মাসে বুয়েনস আইরেসে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। ফুটবল সংবাদমাধ্যম ফুট মার্কেত-এর প্রতিবেদন অনুযায়ী, সেই ম্যাচেই একই দলের হয়ে খেলতে পারেন মেসি ও রোনাল্ডো।
মেসি-রোনাল্ডোকে একই দলে দেখতে চেয়েছিলেন তেভেজ
মেসি ও রোনাল্ডো, দু’জনের সঙ্গেই ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে খেলেছেন তেভেজ। আর্জেন্টিনা জাতীয় দলে মেসির সতীর্থ ছিলেন তিনি। আবার ম্যানচেস্টার ইউনাইটেডে রোনাল্ডোর সঙ্গেও ড্রেসিংরুম ভাগ করেছেন। তাই বিদায়ী ম্যাচে এই দুই মহাতারকাকে একই দলের হয়ে মাঠে নামানোর স্বপ্ন ছিল তেভেজের দীর্ঘদিনের। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি সরাসরি দু’জনের সঙ্গেই যোগাযোগ করেন।
তেভেজের কথায়, তিনি সবসময় চেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসিকে একই দলে খেলতে দেখতে। তাঁর মতে, দু’জনই সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম। তেভেজ জানান, বিশেষ করে রোনাল্ডোর সঙ্গে তিনি কথা বলেন। তাঁকে নিজের ইচ্ছার কথা জানিয়ে বলেন, বিদায়ী ম্যাচে তিনি চান রোনাল্ডো ও মেসি একই দলের হয়ে খেলুন, যাতে গোটা বিশ্ব একসঙ্গে তাঁদের এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে পারে।
Advertisements
দু’জনেই সম্মতি দিয়েছেন
তেভেজের দাবি অনুযায়ী, রোনাল্ডো তাঁর প্রস্তাবে রাজি হয়ে গিয়েছেন। মেসিকেও রাজি করাতে খুব বেশি সমস্যা হয়নি। দু’জনেই ম্যাচটিতে খেলার বিষয়ে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন প্রাক্তন বোকা জুনিয়র্স স্ট্রাইকার। তেভেজের বক্তব্য, এই ম্যাচ তাঁর জন্য অত্যন্ত আবেগঘন হতে চলেছে। একই মাঠে নিজের বিদায়ী ম্যাচে মেসি ও রোনাল্ডোকে একসঙ্গে খেলতে দেখা তাঁর কাছে বিশেষ একটি মুহূর্ত হবে। যদিও এখনও ম্যাচের চূড়ান্ত তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। প্রাথমিকভাবে ১২-১৩ ডিসেম্বর অথবা তার পরের সপ্তাহান্ত, অর্থাৎ ১৯-২০ ডিসেম্বর ম্যাচটি আয়োজনের সম্ভাবনা রয়েছে।
লা বোম্বোনেরায় বসবে তারকার হাট
তেভেজের পরিকল্পনা শুধু মেসি ও রোনাল্ডোকে ঘিরেই নয়। তাঁর বিদায়ী ম্যাচে প্রায় ৬০ জন ফুটবল তারকাকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, করিন্থিয়ান্স ও আর্জেন্টিনার হয়ে খেলেছেন তেভেজ। তাঁর দীর্ঘ এবং বর্ণময় ফুটবলজীবনের সঙ্গে যুক্ত বহু তারকাকে লা বোম্বোনেরায় হাজির করানোর পরিকল্পনা রয়েছে।
তবে এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ যে মেসি ও রোনাল্ডোর একই দলের হয়ে মাঠে নামা, তা বলার অপেক্ষা রাখে না। বাস্তবে সেই মুহূর্ত তৈরি হলে, সেটি ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত বিদায়ী ম্যাচ হয়ে উঠতে পারে।