‘উত্তম কুমার কে বাবা?’ ১৩ বছরের কন্যা নবন্যাকে কী উত্তর দিয়েছিলেন জিৎ?
কারও কাছে তিনি নায়ক, কারও কাছে মহানায়ক। প্রজন্মের পর প্রজন্মকে যিনি অনুপ্রাণিত করেছেন, তিনি উত্তম কুমার। রাজ্যজুড়ে দিনকয়েক ধরে জমজমাট ভাবে উদযাপন হলো তাঁর জন্ম শতবর্ষ। মহানায়ককে নিয়ে নিজের জীবনের এক অনবদ্য অভিজ্ঞতা ভাগ করলেন অভিনেতা জিৎ। কী ভাবে মহানায়কের সঙ্গে কন্যার পরিচয় করালেন অভিনেতা?
বহু মানুষের জীবনের স্বপ্নের নায়ক হলেও উত্তম কুমারকে চেনেন না জেন জ়ি ও জেন আলফা প্রজন্মের একাংশ। ১৩ বছরের কন্যা নবন্যার উদাহরণ টেনে সে কথা অকপটে স্বীকার করলেন জিৎ। বললেন, ‘আমি যখন এই অনুষ্ঠানে আসছিলাম তখন মেয়ে আমায় জিজ্ঞেস করল, ‘তুমি কোথায় যাচ্ছে?’ বললাম উত্তম কুমারের জন্ম শতবর্ষের অনুষ্ঠানে। ও আমায় জিজ্ঞেস করছে, ‘কে উত্তম কুমার?’ ঠিকই তো, আজকের দিনে জেন জ়ি ও জেন আলফারা জানে না কে মহানায়ক।’
মেয়ের প্রশ্নের উত্তর জেন জ়ি, জেন আলফা প্রজন্মের উদ্দেশে জিৎ বলেন, ‘যে উত্তরটা আমার মেয়েকে দিয়েছি, সেটা সকলের জানা প্রয়োজন। মহানায়ক উত্তম কুমার শুধুমাত্র একজন অভিনেতা নন। তিনি বাংলা সিনেমার এক অধ্যায়, আবেগ, এক চিরন্তন ভালোবাসার নাম। এত বছর পরেও তাঁর ব্যক্তিত্ব, সৃষ্টি ও অভিনয়ের জন্য আমরা তাঁকে মনে করি। সকলকে ভীষণ ভাবে অনুপ্রাণিত করেন তিনি।’
মহানায়কের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে গোটা ইন্ডাস্ট্রিকে দেখা গিয়েছিল এক মঞ্চে। বাংলার তিন সুপারস্টারকেও (প্রসেনজিৎ, জিৎ, দেব) দেখা গিয়েছিল মঞ্চ মাতাতে। তাঁদের পারফর্ম্যান্সের নানা টুকরো মুহূর্ত এখন নেটদুনিয়ায় ভাইরাল।