‘স্কুটারটি যদি আর একটু…,’ থরথর করে কাঁপছেন পড়ুয়া, দিল্লির বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃত ৩
এ দিনের ঘটনার ভয়াবহ বর্ণনা দিয়েছেন উন্নয়ন নামে এক ১৮ বছরের ছাত্র। তিনি একটি সংবাদমাধ্যমকে জানান, বুলন্দশহর থেকে তিনি দিল্লিতে পড়তে এসেছিলেন। হস্টেল না পাওয়ায় এত দিন সত্য নিকেতনের একটি পিজি আবাসে থাকতেন। তবে দ্বিগুণ ভাড়ার ঘর ও অপরিসর পরিবেশের কারণে রবিবার সকালে তিনি নতুন ফ্ল্যাটের খোঁজে বেরিয়েছিলেন। একজন ব্রোকারের স্কুটারে চেপে ফ্ল্যাট দেখতে যাওয়ার সময়েই ঘটে সেই ভয়াবহ দুর্ঘটনা। উন্নয়ন ‘দ্য হিন্দু’-কে বলেন, ‘আমি ঠিক তখনই স্কুটারে বসেছিলাম। আমরা রওনা দেব দেব করছি। ঠিক আমার চোখের সামনেই পুরো ভবনটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ল।’ তাঁর সংযোজন, ‘স্কুটারটি যদি আর একটু এগিয়ে থাকত, তবে আমরা সোজা ওই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়তাম। হাত-পা এখনও কাঁপছে, মনকে কিছুতেই বোঝাতে পারছি না।’