রেলব্রিজে ফাঁসির ঘটনাটা
মূল গল্প: অ্যান অকারেন্স অ্যাট আউল ক্রিক ব্রিজ | লেখক: অ্যামব্রোজ় বিয়ার্স
ভাষান্তর: কুবলয় বন্দ্যোপাধ্যায়
অ্যালাবামার উত্তর প্রান্তে ওই রেল ব্রিজটার উপর দাঁড়িয়ে থাকা মানুষটা আরও একবার নীচের দিকে তাকালেন। অন্তত ২০ ফুট নীচ দিয়ে সশব্দে এবং ফেনা তুলে জল বয়ে যাচ্ছে। নিজের অবস্থাটা আরও একবার বুঝে নিতে তিনি একবার নড়ার চেষ্টা করলেন। গত কয়েক মিনিট ধরেই তিনি এমনটা করে চলেছেন, তবে খুব সতর্কতার সঙ্গে। নাহ, তার পিছমোড়া করা হাত দু’টো সত্যিই একটু বেশি শক্ত করে বাঁধা। শুধু হাত দুটোই নয়, তার গলাতেও একটা মোটা দড়ির ফাঁস লাগানো হয়েছে। তিনি দেখে নিয়েছেন, ওই ফাঁসটা উপরের একটা মোটা কাঠের বিমের উপর দিয়ে ফেলা আছে। আপাতত ওই দড়িটা তার পাশেই দুলছে। একটু পরে ওই দড়িটা একটা কেউ শক্ত হাতে ধরে নেবে। তার পর দুটো লাইনের উপর পাতা যে কাঠের পাটাতনটার উপরে তিনি দাঁড়িয়ে রয়েছেন, সেই পাটাতনটা সরিয়ে নেওয়া হবে। তার পরই নর্থ অ্যালাবামার এই আউল ক্রিক ব্রিজ তাঁর ফাঁসিকাঠে পরিণত হবে। পরিস্থিতি বদলে যেতে পারে মাত্র একটা শর্তে। যদি তার হাতের বাঁধনটা কোনও ভাবে একটু আলগা হয়, তা হলে তিনি কোনও কিছুর তোয়াক্কা না করে নিজেই ব্রিজ থেকে একটা লাফ মারতে পারবেন। সে ক্ষেত্রে সোজা বিশ ফুট নীচের ওই জলস্রোতে তিনি আছড়ে পড়বেন। কেউ কিছু বোঝার আগেই স্রোতের মুখে পড়ে এক ধাক্কায় অনেকটা ভেসে যাওয়া যাবে। ব্রিজের উপর থেকে বেশ কিছু গুলি চলবে ঠিকই, ওই ঝুঁকি তো নিতেই হবে।
ব্রিজের উপরের পরিস্থিতিটা আরও একবার খুব নিস্পৃহ ভাবে নজর করার চেষ্টা করলেন তিনি। ওরা যেন কোনও ভাবেই তাঁর মনের কথা পড়তে না পারে। তা হলে সব শেষ। হয়তো ফাঁসি পর্যন্ত অপেক্ষা না করে এখানেই গুলি করে মাথা উড়িয়ে দেবে। ফেডেরাল আর্মির দুটো ছোকরা সৈন্য কিছুটা দূরে দাঁড়িয়ে রয়েছে। ওরা একজন সার্জেন্টের অধীনে। গৃহযুদ্ধ শুরু হওয়ার আগে ওই সার্জেন্ট সম্ভবত কোনও শহরের শেরিফ বা ডেপুটি শেরিফ জাতীয় কিছু ছিলেন। হাব ভাবে নিয়মানুবর্তিতার ছাপ। কাঠের পাটাতনটার অন্য প্রান্তে একজন অফিসার দাঁড়িয়ে রয়েছেন। তিনি যে একজন অফিসার, সেটা তাঁর ইউনিফর্ম থেকেই স্পষ্ট মালুম হচ্ছে। কাঁধে ক্যাপ্টেনের ব্যাজ। এই অফিসারের কোমরে একটা রিভলভার গোঁজা রয়েছে। এ ছাড়া ব্রিজের দু’প্রান্তে দু’জন সেন্ট্রিকে পাহারায় রাখা হয়েছে। দু’জনেই রাইফেলধারী। এক দিকের এক সেন্ট্রিকে ছাড়িয়ে রেল লাইনটা সোজা ঢুকে গিয়েছে একটা ঘন জঙ্গলের মধ্যে। বেশ কয়েকশো গজ যাওয়ার পর রেললাইনটা বড় একটা বাঁক নিয়েছে। কিন্তু ঘন জঙ্গল থাকায় সেটা এখান থেকে কিছু বোঝা যায় না। রেল লাইনের অন্য দিকটা একটা ঢালু জমিতে গিয়ে মিশেছে। এ দিকটায় গাছ তেমন নেই। তবে মোটা মোটা গাছের গুঁড়ি দিয়ে একটা বড় ব্যারিকেড মতো তৈরি করা হয়েছে। গাছের গুঁড়িগুলোর মধ্যে ফেডারেল আর্মির লোকজন জায়গায় জায়গায় গর্ত করে রেখেছে। সেখান দিয়ে রাইফেলের লম্বা লম্বা নল বেরিয়ে রয়েছে। শুধু তাই নয়, ওখানে পুরো এক কোম্পানি ফৌজ মোতায়েন রয়েছে। ওদের সঙ্গে একজন লেফটেন্যান্টও দাঁড়িয়ে রয়েছেন ব্রিজের দিকে তাকিয়ে। সামান্যতম কিছু হলে ওই ব্যারিকেড থেকে যে গুলির ঝাঁক এই ব্রিজের দিকেও ছুটে আসবে এটা নিশ্চিত। ওই দিকটা পালিয়ে যাওয়ার জন্য একেবারেই সুবিধার নয়। ওই ব্যারিকেডের সামনে কয়েকটা কামানও রয়েছে। প্রয়োজনে সেগুলোও ব্যবহার করা হবে। কিন্তু, তিনি আর কী–ই বা করতে পারেন! এই আউল ক্রিক রেল ব্রিজের উপর তো এমনিতেই কিছুক্ষণ পর সব শেষ হয়ে যাবে। একটা শেষ চেষ্টা করলে মন্দ কী?
১৮৬২–র এক ভোরে যে লোকটিকে আউল ক্রিক ব্রিজে ফাঁসি দেওয়ার তোড়জোড় চলছিল, তাঁর নাম পেটন ফারকার। তাঁর খাড়া নাক, চওড়া কপাল এবং মুখের গঠন দৃঢ়। ঘন কালো চুল নেমে এসেছে ঘাড় পর্যন্ত। সযত্নে ছাঁটা গোঁফ এবং চিবুক থেকে কিছুটা নেমে আসা ছুঁচোল দাড়ি বুঝিয়ে দিচ্ছে, তিনি একজন শৌখিন ব্যক্তি। পেশাগত ভাবে তিনি একজন প্ল্যান্টার। সোজা কথায়, তাঁর একটি র্যাঞ্চ এবং বেশ কয়েক জন কৃষ্ণাঙ্গ ক্রীতদাস রয়েছে। এই ঘটনা যে সময়ের, তখন আমেরিকায় সদ্য গৃহযুদ্ধ শুরু হয়েছে। একদিকে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন এবং সেনাপতি ইউলিসিস গ্রান্টের নেতৃত্বে ফেডারেল গভর্নমেন্ট এবং অন্য দিকে, ‘কনফেডারেট’–দের নেতা জেফারসন ডেভিস এবং সেনাপতি রবার্ট লি–র নেতৃত্বে আমেরিকার দক্ষিণ দিকের ১১টি রাজ্য। এই রাজ্যগুলো দাসপ্রথা তুলে দেওয়ার বিরোধী ছিল। অ্যালাবামা ছিল কনফেডারেটদের শক্ত ঘাঁটি। সেখানকার বাসিন্দা এবং একজন র্যাঞ্চার হওয়ার সুবাদে এই ফারকার নামের ব্যক্তিও ছিলেন কনফেডারেটদের একজন গোঁড়া সমর্থক। তবে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর তিনি সরাসরি অস্ত্রধারণ করেননি— নানা ভাবে কনফেডারেটদের সাহায্য করেছেন। হাতেকলমে সাহায্য করার একবার মাত্র চেষ্টা করেছেন। আর তাতেই …
সে দিনের কথাটা আরও একবার মনে করার চেষ্টা করলেন ফারকার। শেষ বিকেলে স্ত্রীর সঙ্গে বাড়ির লনে বসে কফি খেতে খেতে গল্প করছিলেন তিনি। এমনই সময়ে কনফেডারেটদের ধূসর ইউনিফর্ম পরে এক সৈন্য তাঁর বাড়ির গেট দিয়ে ঢুকে এসেছিল। বিধ্বস্ত অবস্থা তার। ধুলোয় ঢাকা গোটা শরীর। একটু জল খেতে চেয়েছিল ছেলেটা। ফারকারের স্ত্রী তাড়াতাড়ি বাড়িতে চলে যান ছেলেটিকে আপ্যায়নের ব্যবস্থা করতে। সেই সময়ে ফারকার জানতে চেয়েছিলেন যুদ্ধের পরিস্থিতি সম্পর্কে। যা শুনেছিলেন, সেটা মোটেই ভালো লাগেনি। হতচ্ছাড়া ফেডারালগুলো নাকি রেলপথ মেরামত করতে শুরু করেছে। ওরা আউল ক্রিক ব্রিজ পর্যন্ত প্রায় এসে গিয়েছে। আসলে কিছুদিন আগে ভয়ঙ্কর এক যুদ্ধে ফেডারাল বাহিনী কনফেডারেটদের হারিয়ে করিন্থ দখল করে নিয়েছে। তার পর দক্ষিণ দিকে ওদের অগ্রগতি আটকানো যাচ্ছে না। সৈন্যটি বলল, ‘বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই হ্যান্ডবিল মেরে দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, কোনও সিভিলিয়ানকে যদি রেলপথে কোনও ক্ষতি করতে দেখা যায়, সঙ্গে সঙ্গে তাকে ফাঁসি দেওয়া হবে।’
মন দিয়ে পুরো কথাটা শুনেছিলেন ফারকার। তার পর বলেছিলেন, ‘আউল ক্রিক ব্রিজটা এখান থেকে কতটা দূরে হবে?’ জবাব এসেছিল, ‘৩০ মাইলের কাছাকাছি।’ কিছুক্ষণ পর ফারকারের র্যাঞ্চ থেকে বেরিয়ে সৈন্যটি চলে গিয়েছিল। একটু বেশি রাতে অন্ধকারে গা–ঢাকা দিয়ে সে আরও একবার র্যাঞ্চ পেরিয়ে ব্রিজের দিকে চলে গিয়েছিল। ফারকার বুঝতে পারেননি, লোকটি কনফেডারেট নয়, সে আসলে ফেডারাল বাহিনীর গুপ্তচর ছিল।
পরদিন ফারকার ব্রিজে আগুন লাগিয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে সেখানে পৌঁছন এবং সঙ্গে সঙ্গেই ধরা পড়েন। ঘোষণা অনুযায়ী তাঁকে ফাঁসি দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে।
সব ব্যবস্থা পাকা করে দুই ছোকরা সৈন্য কাঠের তক্তাটা ঠেলেঠুলে একটা জায়গায় সেট করে দিলো। যে সার্জেন্ট ওই পাটাতনের অন্য প্রান্তে দাঁড়িয়ে ছিলেন, তিনি সরে গেলেই পাটাতনটা উল্টে যাবে। আর ফারকার সঙ্গে সঙ্গে অবলম্বনহীন হয়ে দুটো লাইনের মাঝখান দিয়ে গলে নীচে পড়ে যাবেন। চোখ বুজে শেষ বারের মতো স্ত্রী ও সন্তানদের মুখ মনে করার চেষ্টা করলেন ফারকার। তার পর কিছু বুঝে ওঠার আগেই সোজা নীচে পড়তে শুরু করলেন। ভয়ে প্রায় সঙ্গে সঙ্গেই তিনি জ্ঞান হারিয়ে ছিলেন। কিন্তু ঘাড়ে আর গলায় প্রবল চাপ লাগায় জ্ঞান ফিরে এল। সারা শরীরে অসহ্য একটা যন্ত্রণা। হৃদপিণ্ডটা যেন মুখ দিয়ে বেরিয়ে আসবে এ বার। তার পরই ক্ষীণ ভাবে কানে এল একটা ‘ঝপাস’ শব্দ এবং প্রায় অসাড় শরীরটা যেন ঠান্ডায় জমে গেল। মৃত্যুর দরজায় পৌঁছে যাওয়া ফারকার বুঝলেন, কোনও এক অলৌকিক উপায়ে ফাঁসির দড়িটা ছিঁড়ে গিয়েছে। কিন্তু সেটা এত জোরে তাঁর গলাকে পেঁচিয়ে ধরেছে যে তিনি শ্বাস নিতে পারছেন না। ফারকার মরিয়া চেষ্টা শুরু করলেন হাতের বাঁধন খুলতে।
গলায় চেপে বসা দড়ির কামড় যেন ততক্ষণে আরও তীব্র হয়েছে। আসলে অক্সিজেনের অভাবে ফারকারের ফুসফুসে তখন যেন আগুন লেগে গিয়েছে। বহু চেষ্টার পরেও হাতের বাঁধন খুলছে না। এমনই পরিস্থিতিতে তিনি যেন অনুভব করলেন ঝাপসা একটা আলো ক্রমশ উজ্জ্বল হতে হতে হঠাৎই ভীষণ উজ্জ্বল হয়ে উঠল। তিনি বুঝলেন, তিনি ফের জলের উপরে ভেসে উঠেছেন। ঠিক সেই সময়েই তাঁর গলা চিরে অবরুদ্ধ একটা আওয়াজ বেরিয়ে এল। অবশেষে গলার বাঁধন আলগা হয়েছে। ঠিক ওই সময়েই দু’হাতের মরিয়া ঝটকায় হাতের বাঁধনটাও ছিঁড়ে ফেলতে পারলেন ফারকার। আর তার পরেই কান ঘেঁষে কিছু একটা সাঁ করে জলে পড়ে চাপা একটা ‘হিসসসস’ শব্দ করে উঠল। ব্যাপারটা কী হলো, বুঝতে উপরের দিকে একবার তাকিয়েই মাথা সরিয়ে নিতে হলো। ফের একটা গুলি ধেয়ে এল। ‘শয়তানগুলো বন্দুক ছুড়ছে’, নিজেই নিজেকে কথাটা বলে ফের জলে ডুব দিলেন ফারকার। উপর থেকে পর পর আরও কয়েকটা গুলি এসে একটুর জন্য ফারকারকে মিস করল। একটা গুলি এসে ওঁর গালে লাগল। কিন্তু ততক্ষণে গুলি পুরোপুরি গতিহারা। ফারকার আরও গভীরে যাওয়ার চেষ্টা করলেন।
বেশ কয়েক সেকেন্ড পর যখন তিনি আবার জলের উপর মাথা তুললেন, তখন তিনি আরও কিছুটা দূরে চলে গিয়েছেন। জলের উপরে মাথাটা তুলে প্রথম তিনি যা দেখলেন, তাতে তাঁর হাড় হিম হয়ে গেল। দেখলেন, ফেডারেল আর্মির কয়েক জন মিলে একটা কামানকে তাঁর দিকে ঘুরিয়ে রেখেছে। তাঁকে দেখামাত্র সেই কামান দাগা হলো। বিকট আওয়াজ করে একটা গোলা তাঁর মাথার অনেকটা উপর দিয়ে উড়ে গিয়ে জঙ্গলে পড়ল। এতক্ষণে ফারকার নদীর পাড়ের খুব কাছে পৌঁছে গিয়েছেন। তিনি বিলক্ষণ জানেন, এ বার ওরা সাধারণ গোলা ব্যবহার না করে তার বদলে কামান থেকে ‘গ্রেপশট’ দাগবে। সেটা হলে আর অক্ষত থাকার আশা থাকবে না। অতএব সব ক্লান্তি উপেক্ষা করে জঙ্গলের সবচেয়ে গভীরে ঢুকে পড়লেন পেটন ফারকার। তাঁকে যে ভাবে হোক বাড়ি পৌঁছতে হবে।
সমস্যাটা হলো ঠিকমতো দিক নির্ণয় করাটাই। সবচেয়ে বড় কথা, তাঁর শরীরের যা অবস্থা তাতে তিনি কতক্ষণ চলতে পারবেন, সেটা নিজেই জানেন না। বেশ কিছুক্ষণ পর পায়ে-চলা একটা পথের আভাস পেলেন। সূর্য দেখে দিক সম্পর্কে একটা ধারণা করে একটা দিকে চলতে শুরু করলেন। প্রতিটা পদক্ষেপ তাঁর জীবনীশক্তি নিংড়ে নিচ্ছিল। কিছুক্ষণ পর তিনি ঘুমিয়ে পড়লেন। কিন্তু তাঁর পা দু’টো থামতে রাজি হলো না। ঘুমন্ত অবস্থাতেই বাড়ির দিকে টলতে টলতে এগিয়ে চললেন ফারকার।
একটা সময়ে মনে হয়েছিল তিনি আর কখনওই বাড়িতে পৌঁছতে পারবেন না। প্রিয়তমা স্ত্রী ও সন্তানদের দেখতে পাবেন না। কিন্তু একবার মনে হলো, তিনি একটা দুধসাদা প্রাসাদের মতো বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন। কোনও রকমে চোখ খুলেই দেখলেন— এ তো তাঁরই বাড়ি! অবশেষে বাড়ি এসে গিয়েছেন তিনি! ওই তো তাঁর স্ত্রী সিঁড়ি দিয়ে নেমে তাঁর দিকে ছুটে আসছেন। তিনিও দু’হাত বাড়িয়ে দিলেন। ঠিক তখনই তাঁর ঘাড়ের পিছন দিকে কিছু একটা তীব্র আঘাত হানল। চারদিক যেন ঝলসে উঠল তীব্র আলোয়। একটা ‘মড়াত’ শব্দ কানে এল। তার পর সব অন্ধকার হয়ে গেল।
পেটন ফারকার মারা গিয়েছেন। তাঁর দেহটা ঘাড়ভাঙা অবস্থায় আউল ক্রিক ব্রিজ থেকে একটা অতিকায় পেন্ডুলামের মতো ভোরের হালকা হাওয়ায় মৃদু দুলছে।