Saif Ali Khan: ভোর সাড়ে চারটেয় করিনার ঘর থেকে বেরোচ্ছেন সইফ! অমিতাভের সামনে গোপন পর্দা ফাঁস অক্ষয়ের | Akshay Kumar Recalls Saif Ali Khan Sneaking Out of Kareena Kapoor’s Room at 4:30 AM - 24 Ghanta Bangla News
Home

Saif Ali Khan: ভোর সাড়ে চারটেয় করিনার ঘর থেকে বেরোচ্ছেন সইফ! অমিতাভের সামনে গোপন পর্দা ফাঁস অক্ষয়ের | Akshay Kumar Recalls Saif Ali Khan Sneaking Out of Kareena Kapoor’s Room at 4:30 AM

Spread the love

বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার (Akshay Kumar) নিজের নিয়মানুবর্তিতার জন্য ভীষণ পরিচিত। ভোর চারটেয় ঘুম থেকে ওঠা তাঁর বহু বছরের পুরোনো অভ্যাস। কিন্তু সেই ভোরবেলাই যদি হঠাৎ দেখা যায়, করিনা কাপুরের হোটেলের ঘরের দরজা খুলে চুপিচুপি কেউ বেরিয়ে আসছেন, তবে কেমন লাগে? আর সেই ব্যক্তি যদি হন স্বয়ং নবাব সইফ আলি খান! ঠিক এমনই এক চোখ কপালে তোলা মজার ঘটনার কথা এবার সবার সামনে ফাঁস করে দিলেন অক্ষয়।

কী বলেছেন তিনি?

সম্প্রতি অমিতাভ বচ্চনের জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে একসঙ্গে হাজির হয়েছিলেন অক্ষয় কুমার ও সইফ আলি খান। পরিচালক প্রিয়দর্শনের নতুন ছবি ‘হায়ওয়ান’-এর প্রচারেই এই দুই তারকার আড্ডা জমে উঠেছিল। তবে আড্ডার মাঝেই বিগ বি অমিতাভ বচ্চন সইফের দিকে একটি মোক্ষম প্রশ্ন ছুঁড়ে দেন। তিনি জানতে চান, করিনা কাপুরের সঙ্গে তাঁর যে প্রেম, তার শুরু কি ২০০৮ সালের ‘তাশন’ ছবির সেট থেকেই হয়েছিল? অমিতাভের প্রশ্নে লাজুক হেসে সইফ স্বীকার করেন, কথাটি একদম ঠিক।

ঠিক তখনই অমিতাভ পাশে বসা অক্ষয়কে মনে করিয়ে দেন, ওই ছবিতে তো তিনিও ছিলেন! তখন অক্ষয় কী দেখেছিলেন? সঞ্চালকের এই প্রশ্নের পরই আসল বোমাটি ফাটান অক্ষয়। তিনি হাসতে হাসতে জানান, শ্যুটিংয়ের সময় তিনি রোজ ভোর সাড়ে চারটেয় উঠতেন। হোটেলের ঘরে করিনার ঘরের ঠিক পাশেই ছিল অক্ষয়ের ঘর। একদিন ভোর সাড়ে চারটেয় হঠাৎ অক্ষয় দেখেন, করিনার ঘরের দরজা খুলল এবং সেখান থেকে বেরিয়ে এলেন খোদ সইফ! অক্ষয় অবাক হয়ে জিজ্ঞাসা করেন, ‘কী ব্যাপার, কী করছ এখানে?’ উত্তরে কিছুটা অপ্রস্তুত হয়ে সইফ বলেছিলেন, ‘না, কিছু না, আমরা দু’জনে মর্নিং ওয়াকে দৌড়তে যাব।’

অক্ষয়ের এই কথা শেষ হতেই মঞ্চে হাসির রোল ওঠে। সইফও নিজের সাফাই দিয়ে বলেন, সে দিন সত্যিই নাকি খুব সকালে দৌড়নোর কথা ছিল। আর অক্ষয় মজা করে যোগ করেন, আসলে সইফ করিনাকে ঘুম থেকে ডেকে জগিংয়ে নিয়ে যাওয়ার জন্যই অত ভোরে গিয়েছিলেন!

২০০৮ সালের সেই ‘তাশন’ ছবির সেট থেকেই কাছাকাছি আসেন সইফ ও করিনা। কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর ২০১২ সালে তাঁদের বিয়ে হয়। এখন তৈমুর আর জেহ, দুই সন্তানকে নিয়ে তাঁদের ভরা সংসার। পর্দায় ও বাস্তবে তাঁদের রসায়ন আজও দর্শকের মন ছুঁয়ে যায়। পুরনো সেই দিনের মজার স্মৃতি আরও একবার দর্শকদের বুঝিয়ে দিল, তাঁদের ভালোবাসার দিনগুলো ঠিক কতটা রঙিন ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *