‘বৈভবের জন্যই খেলা দেখেছে আমার স্ত্রী’, বড় স্বীকারোক্তি ভারতের প্রাক্তনীর - 24 Ghanta Bangla News
Home

‘বৈভবের জন্যই খেলা দেখেছে আমার স্ত্রী’, বড় স্বীকারোক্তি ভারতের প্রাক্তনীর

Spread the love

গত দুই মরশুমে IPL-এর সময়েই বোঝা গিয়েছিল, ১৫ বছরের বৈভব সূর্যবংশীর জনপ্রিয়তা ঠিক কতটা। গ্যালারিতে খুদে সমর্থকদের হাতে থাকত বৈভবের নাম লেখা ব্যানার। বৈভবের নাম লেখা জার্সি পরেও আসতেন অনেকে। শুধু ছোটরা নয়, অভিজ্ঞ ক্রিকেটপ্রেমীরাও আগ্রহী ছিলেন এই কিশোরের ব্যাটিং দেখার জন্য। এ বার সেই ছবিটাই দেখা যাচ্ছে দলীপ ট্রফিতে। ভারতের ঘরোয়া ক্রিকেটে লাল বলের ফরম্যাটে বৈভবের খেলা দেখার জন্য টিভির পর্দায় চোখ রাখছেন অনেকেই। সেই তালিকায় আছেন ভারতের প্রাক্তন অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্তের স্ত্রী-ও। নিজের ইউটিউব চ্যানেলে সেই গল্পই শেয়ার করলেন শ্রীকান্ত।

বৈভবের জন্য দলীপ ট্রফিতে নজর শ্রীকান্তের স্ত্রী-র

ভারতের প্রাক্তন অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত তাঁর ইউটিউব শো-তে বৈভবের জনপ্রিয়তার ছবি তুলে ধরেছেন। চলতি সপ্তাহে দলীপ ট্রফির সেমি ফাইনালে মুখোমুখি হয়েছিল ইস্ট জ়োন ও সেন্ট্রাল জ়োন। ওই ম্যাচে বৈভবের খেলা দেখার জন্য শ্রীকান্তের পাশাপাশি টিভির সামনে বসেছিলেন তাঁর স্ত্রী-ও। তিনি বলেন, ‘আমরা প্রত্যেকে দলীপ ট্রফি দেখেছি। এটাই বৈভবের কামাল। ও যখন ব্যাট করছিল, তখন ক্রিকেটার থেকে ক্রিকেটপ্রেমী, সকলের নজর ছিল টিভির পর্দায়। এমনকী আমার স্ত্রীও ওর জন্য দলীপ ট্রফির ম্যাচ দেখছিল।’

IPL-এ আরও স্পষ্ট হয়েছিল এই বিষয়টা। কারণ IPL-এ বৈভবের সঙ্গে একই দলে ছিলেন বিশ্বের একাধিক তারকা ক্রিকেটার। কিন্তু সেই তারকাদের মাঝেও ১৫ বছরের বৈভবকে ঘিরে আলাদা কৌতূহল তৈরি হয়েছিল। এ বার সেই ছবি দেখা গেল ভারতের ঘরোয়া ক্রিকেটেও।

টেস্ট ক্রিকেটের গৌরব ফেরাবে বৈভব: শ্রীকান্ত

শুধু বৈভবের জনপ্রিয়তা নয়, তার ব্যাটিংয়েরও ভূয়সী প্রশংসা করেছেন শ্রীকান্ত। প্রাক্তন ভারতীয় ওপেনারের মতে, ১৫ বছরের এই ক্রিকেটারকে উৎসাহ দেওয়া প্রয়োজন। সঠিক ভাবে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে বড় তারকা হয়ে উঠতে পারে সে। শ্রীকান্ত বলেন, ‘বৈভব অসাধারণ খেলছে। ওকে উৎসাহ দিতে হবে। কখনও নিরুৎসাহিত করা যাবে না। ঠিক ভাবে তৈরি করা হলে ও সুপারস্টার হয়ে উঠবে। টেস্ট ক্রিকেটের হারানো গৌরব আবার ফিরিয়ে আনতে পারে ও।’

মাত্র ১৫ বছর ১৫৭ দিন বয়সেই বৈভবকে নিয়ে আগ্রহ ক্রমশ বাড়ছে সকলের মধ্যে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *