বিদেশি বিনিয়োগের হাতছানি! ভোল বদলে ফের শহরের রাস্তায় ফিরছে ট্রাম
কলকাতা: শহর কলকাতার পরিবহণ মানচিত্রে এবার আসতে চলেছে বড়সড় বদল। আন্তর্জাতিক প্রযুক্তির ছোঁয়ায় আরও অত্যাধুনিক হতে চলেছে শহরের গণপরিবহণ ব্যবস্থা। বিশেষ করে, কলকাতার অন্যতম নস্টালজিয়া…
কলকাতা: শহর কলকাতার পরিবহণ মানচিত্রে এবার আসতে চলেছে বড়সড় বদল। আন্তর্জাতিক প্রযুক্তির ছোঁয়ায় আরও অত্যাধুনিক হতে চলেছে শহরের গণপরিবহণ ব্যবস্থা। বিশেষ করে, কলকাতার অন্যতম নস্টালজিয়া এবং পরিবেশবান্ধব যান ‘ট্রাম’ ফিরতে পারে সম্পূর্ণ নতুন রূপে। সম্প্রতি রাজ্যের পরিবহণ দফতরে কলকাতায় নিযুক্ত অস্ট্রেলিয়ার কনসাল জেনারেল বার্নার্ড লিঞ্চের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। এই বৈঠকের পরই শহরের পরিবহণ ব্যবস্থায় বিদেশি বিনিয়োগের সম্ভাবনা জোরালো হয়েছে।
রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, কলকাতা ও গোটা রাজ্যের পরিবহণ পরিকাঠামোকে আরও আধুনিক, দক্ষ এবং জনবান্ধব করে তুলতে অস্ট্রেলিয়ার একাধিক সংস্থা প্রবল আগ্রহ প্রকাশ করেছে। রাজ্য সরকার তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট সংস্থাগুলিকে রাজ্যের আগামী টেন্ডার প্রক্রিয়াগুলিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন মন্ত্রী। বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলার পরিবহণ খাতে আন্তর্জাতিক স্তরের বিনিয়োগ এখন শুধু সময়ের অপেক্ষা। মঙ্গলবারের এই বিশেষ বৈঠকে কনসাল জেনারেল ছাড়াও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার সিনিয়র ইকোনমিক রিসার্চ অফিসার অনঘা, কর্পোরেট সার্ভিসেস ম্যানেজার রাজীব ঘোষ এবং সিনিয়র রিসার্চ অফিসার অ্যাঞ্জেলিনা নায়ার।
পরিবহণ ব্যবস্থায় কী কী কাজ হতে পারে?
এখনও টেন্ডার প্রক্রিয়া চূড়ান্ত না হলেও, সূত্রের খবর, রাজ্য সরকারের সবচেয়ে বেশি নজর রয়েছে ট্রামের দিকে। কলকাতার রাস্তায় ফের পরিবেশবান্ধব এই যানটি চালানো এবং এর আপগ্রেড নেটওয়ার্ক তৈরি করাই এই বিদেশি বিনিয়োগের মূল লক্ষ্য হতে চলেছে। শুধু ট্রাম নয়, গণপরিবহণ ব্যবস্থার অন্যতম মেরুদণ্ড পাবলিক বাস-কেও আপগ্রেড করা হবে। পরিবহণ ব্যবস্থা যাতে ভবিষ্যতের উপযুক্ত (Future-ready) হয়ে ওঠে, সেটাই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন মন্ত্রী অর্জুন সিং।
ট্রাম নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর যে কয়েকটি ক্ষেত্রে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে, তার মধ্যে অন্যতম হলো শহরের ট্রাম পরিষেবা। রাজ্যের পরিবহণমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর অর্জুন সিং নিজে একাধিকবার ট্রাম নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন। তাঁর কথায় স্পষ্ট, রাজ্য সরকার পরিবেশবান্ধব ট্রাম চালাতে পুরোপুরি ইচ্ছুক। তাই শহরের বন্ধ হয়ে যাওয়া রুটগুলি পুনরায় চালু করতে চাইছে পরিবহণ দফতর। তবে পুরোনো চেহারায় নয়, পুরোপুরি আধুনিকীকরণ হয়ে সম্পূর্ণ নতুন ভোল নিয়ে শহরের রাস্তায় নামতে চলেছে কলকাতার প্রাণের ট্রাম।
মৃতদের ৯ লাখ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার! সবং পরিদর্শনে গিয়ে আর কী ঘোষণা শুভেন্দুর?
জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,