Bigg Boss Bangla: ‘কাজ না করলে বাথরুম যাওয়া বন্ধ!’ তুমুল অশান্তি ভরত-তনুশ্রীর মধ্যে, কী নিয়ে ঝগড়া বাধল? | Bigg Boss Bangla: Bharat Kaul and Tanushree Roy Das Clash Over Captaincy Rules and Dugout Tasks
বিগ বস বাংলা (Bigg Boss Bangla) সবে শুরু হয়েছে, আর তার মধ্যেই ঘরের ভেতরের তাপমাত্রা একেবারে ফুটন্ত জলের মতো গরম! খেলা শুরু হতে না হতেই প্রতিযোগী ও অধিনায়কের লড়াই এমন এক জায়গায় পৌঁছাল, যা দেখে চোখ ছানাবড়া দর্শকদের। এ লড়াই শুধু কথার লড়াই নয়, একেবারে বাথরুম যাওয়া বন্ধ করে দেওয়ার লড়াই!
ঠিক কী ঘটেছে?
ঘটনার সূত্রপাত অধিনায়ক বা ক্যাপ্টেন ভরত কলকে ঘিরে। তিনি নিয়মমাফিক চারজন প্রতিযোগীকে পাঠিয়ে দেন মূল ঘরের বাইরে, অর্থাৎ “ডাগআউট হাউজে”। সেই তালিকায় আছেন দীপেন্দু বিশ্বাস, দুর্নিবার সাহা, ঝিলম গুপ্ত এবং অভিনেত্রী তনুশ্রী রায় দাস। বিগ বসের নির্দেশে ভোটাভুটির পর এই চারজন এখন ডাগআউট হাউজেই থাকছেন। নিজেদের রেশন আলাদা নিচ্ছেন, আলাদা রান্নাও করছেন। তবে বিপত্তি বাধল কাজের দায়িত্ব বণ্টন নিয়ে। তনুশ্রী স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি যেহেতু মূল ঘরে নেই, তাই সেই ঘরের কোনও কাজকর্মও করবেন না।
আর এতেই বেজায় চটে যান ক্যাপ্টেন ভরত কল। তাঁর সঙ্গে সরাসরি তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তনুশ্রী রায় দাস। তনুশ্রী মুখের ওপর জানিয়ে দেন, ভরতের মুখের ভাষা তাঁর মোটেই পছন্দ নয়, তাই ক্যাপ্টেনের সঙ্গে তিনি আর কোনও কথা বলবেন না এবং তাঁর কোনও নির্দেশও মানবেন না। জবাবে ভরতও কড়া সুরে বলেন, “না, সেটা খেলার নিয়ম নয় মোটেই। আমি তোমাকে ভালো লাগানোর জন্য এখানে আসিনি।”
তর্ক দ্রুত রূপ নেয় তুমুল ঝগড়ায়। ভরত উঁচু গলায় তনুশ্রীকে নির্দেশ দেন, বাথরুম পরিষ্কার করার দায়িত্ব তনুশ্রীর এবং তাঁকে সেই টাস্ক করতেই হবে। কাজ না করলে বাথরুমে পা রাখা যাবে না বলেও হুঁশিয়ারি দেন ক্যাপ্টেন। এমনকী রাগের মাথায় তিনি এও বলে বসেন, বাথরুমে যেতে না পারলে ঘরের মধ্যে খাটের পাশেই শৌচকর্ম সারতে হবে!
চারপাশে এতগুলো ক্যামেরা চলছে, তার মাঝে এমন কথা শুনে স্বাভাবিকভাবেই মেজাজ হারান তনুশ্রী। তিনি চিৎকার করে প্রশ্ন তোলেন, “কী আশ্চর্য এসব কথা কোথায় লেখা আছে? আমাকে উনি দেখিয়ে দেবে যে কোথায় বাথরুম করব আমি! যেখানে এই ঘরের চারপাশে ক্যামেরা! কে হে তুমি? জীবনে তোমাকে মানব না… তুমি একটা খারাপ মানুষ।”
ভরতও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নন। পালটা খোঁচা দিয়ে তিনি জানান, বাথরুমে যেতে না পেরে আজ পর্যন্ত কারও মৃত্যু হয়েছে বলে তাঁর জানা নেই। বড়জোর পেটে একটু গ্যাসের সমস্যা হতে পারে! আর তনুশ্রীর সেই গ্যাস হলে তাঁরা কেউ তাঁর আশেপাশে থাকবেন না।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় ৩০ অগস্ট থেকে শুরু হওয়া শোটিতে প্রথম থেকেই এই পারদ চড়তে শুরু করেছে। রোজ রাত সাড়ে নটায় টিভির পর্দায় কী ঘটতে চলেছে, তা নিয়ে এখন থেকেই দর্শকদের আগ্রহ তুঙ্গে।